২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘তামিমের অভাববোধ করছি কিনা, জানি না’

দলের সঙ্গে থাকা ক্রিকেটারদের ওপর আস্থার কথা জানালেন বাংলাদেশের প্রধান কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 09:24 PM

Updated : 18 Oct 2023, 09:24 PM

তিন ম্যাচের একটিতেও ২০ পেরোয়নি উদ্বোধনী জুটি। কোনো ওপেনারের বিশ ছোঁয়া ইনিংস দেখা গেছে মোটে একটি। হতাশাময় শুরুর মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশ দলকে। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ তামিম ইকবালের অভাব অনুভব করা অস্বাভাবিক নয়। তবে এই প্রশ্নে কৌশলী উত্তর দিলেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।

ফিটনেসে ঘাটতির কারণে টিম ম্যানেজমেন্টের সম্মিলিত সিদ্ধান্তে বিশ্বকাপ দলে নেই তামিম, দল ঘোষণার সময় বলেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। পরে এই বিষয়ে জল ঘোলা হয় অনেক। তবে শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই বৈশ্বিক আসরে খেলতে ভারতে যায় বাংলাদেশ।

তামিমের জায়গায় বিশ্বকাপে ইনিংস সূচনার দায়িত্ব পান তানজিদ হাসান। প্রথম তিন ম্যাচে কিছু করতে পারেননি তরুণ এই বাঁহাতি ব্যাটসম্যান। সাকুল্যে তার সংগ্রহ ২২ রান। সর্বোচ্চ ১৬ রান এসেছে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। লিটন দাস ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ৭৬ রানের ইনিংস। হতাশ করেন অন্য দুই ম্যাচে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেও হয়তো দেখা যাবে লিটন, তানজিদের উদ্বোধনী জুটি।

বৈশ্বিক এই টুর্নামেন্টে লিটনের উদ্বোধনী সঙ্গী হতেই পারতেন তামিম। গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে প্রায় আড়াই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন অভিজ্ঞ ওপেনার। ফেরার ম্যাচে তিনি খেলেন ৪৪ রানের ইনিংস। তবে খানিক অস্বস্তি থাকায় সিদ্ধান্ত হয় পরের দুই ম্যাচে বিশ্রামে থাকবেন তামিম, যেন পুনর্বাসন প্রক্রিয়া পুরোটা সম্পন্ন করে পুরোপুরি সুস্থ অবস্থায় নামতে পারেন বিশ্বকাপের প্রথম ম্যাচে। ফিজিওর রিপোর্টের বরাতে এক ভিডিওবার্তায় তামিম নিজেই জানান এসব তথ্য।

একই ভিডিওতে তামিম বলেন, দল ঘোষণার আগের দিন বোর্ডের উচ্চ পর্যায়ের এক ব্যক্তি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে বাইরে রাখার কথা বলেন, কিংবা খেললেও মিডল অর্ডারে ব্যাটিংয়ের প্রস্তাব দেন। তখন ওই ব্যক্তির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তামিমের। এরপর বিশ্বকাপ দলে দেখা যায়নি তামিমকে।

বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে এক সাক্ষাৎকারে অধিনায়ক সাকিব আল হাসান জানান, পুরোপুরি ফিট না থাকা কাউকে দলে রাখার পক্ষে নন তিনি। এছাড়া ব্যাটিং অর্ডারে নিচের দিকে খেলতে রাজি না হলে ওই ক্রিকেটারের নিবেদন নিয়েও প্রশ্ন তোলেন সাকিব। সেসব নিয়েও আলোচনা হয় অনেক।

তামিমকে ছাড়া প্রথম তিন ম্যাচে বলার মতো কিছু করতে পারেনি উদ্বোধনী জুটি বা ওপেনাররা। তাই ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন তামিমের প্রসঙ্গ আনলেন ভারতীয় এক সাংবাদিক।

সংবাদ সম্মেলনে অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাববোধ করছেন কি না, এমন প্রশ্নে দলে থাকা ক্রিকেটারদের ওপর আস্থার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।

“তামিম ইকবাল এখানে নেই। তাই আমি বলতে পারব না, আমরা তার অভাববোধ করছি কি না। দূর্ভাগ্যবশত দল নির্বাচনের সময় সে (বাছাইয়ের জন্য) প্রস্তুত ছিল না।”

“অবশ্যই ক্রিকেটার হিসেবে তার রেকর্ড ভালো। তবে আমি জানি না, আমরা তার অভাববোধ করছি না। কারণ এখানে আমাদের ক্রিকেটাররা আছে, যাদের ওপর বিশ্বাস আছে যে, তারা আমাদের হয়ে কাজটা করে দেবে।”