নিউ জিল্যান্ডের বিপক্ষে পান্ডিয়াকে পাচ্ছে না ভারত
লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়ার আশা স্বাগতিকদের।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত কেবল ভারত ও নিউ জিল্যান্ড। চার ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। পঞ্চম ম্যাচে হবে তাদের মুখোমুখি লড়াই। এই ম্যাচের আগে দুঃসংবাদ পেল স্বাগতিক ভারত। অ্যাঙ্কেলের চোটে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পান্ডিয়ার চোটের সবশেষ তথ্য জানিয়েছে।
“অলরাউন্ডারকে (পান্ডিয়া) স্ক্যানের জন্য নেওয়া হয়েছে ও বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বিসিসিআই চিকিৎসা বিভাগের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন। ২০ অক্টোবর ধারামশালার ফ্লাইটে উঠবেন না তিনি। সরাসরি লক্ষ্ণৌতে দলের সঙ্গে যোগ দেবেন।”
পুনেতে বৃহস্পতিবার বাংলাদেশের ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে চোট পান পান্ডিয়া। ওভারের তৃতীয় বলটি স্ট্রেইট ড্রাইভ খেলেন লিটন দাস। সেটি থামাতে ডান পা এগিয়ে দেন পান্ডিয়া। কিন্তু ব্যর্থ হন।
এই প্রচেষ্টায় ভারসাম্য হারিয়ে বেকায়দায় পড়ে যান ভারতের পেস বোলিং অলরাউন্ডার। মাঠেই বেশ কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে বোলিংয়ের জন্য উঠে দাঁড়ান তিনি। কিন্তু ব্যথার তীব্রতা টের পেয়ে তা করতে পারেননি। চলে যান মাঠ ছেড়ে।
ধারামশালায় রোববার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচ আগামী ২৯ অক্টোবর।
