২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনের নীল সমুদ্রে বাংলাদেশের নীল বেদনা

গ্যালারিভরা দর্শকের সামনে বাংলাদেশ দলকে নিয়ে একরকম ছেলেখেলা করে ছাড়ল ভারত।

পুনের নীল সমুদ্রে বাংলাদেশের নীল বেদনা

ভারতের এই নীল সমুদ্রে বাংলাদেশের সমর্থক খুঁজে মেলা ভার।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

পুনে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 12:46 AM

Updated : 20 Oct 2023, 02:42 AM

বিশ্বকাপের মঞ্চে যেন পাড়ার ক্রিকেট চলছিল। সেঞ্চুরি ছোঁয়ার জন্য শেষ দিকে সিঙ্গেল নিচ্ছিলেন না ভিরাট কোহলি। বাংলাদেশকে নিয়ে একরকম ছেলেখেলা করছিলেন তিনি। বোলার-ফিল্ডারদের বিব্রত করে ঠিকই লক্ষ্য পূরণ করে ছাড়লেন, ছক্কা মেরে পৌঁছে গেলেন শতরানে। মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ছুড়লেন হুঙ্কার। গ্যালারির নীল সমুদ্রেও গর্জন উঠল।

স্টেডিয়ামের লাউড স্পিকারে তখন বেজে চলছে এ আর রহমানের ‘বান্দে মাতরম…।’ সেই গানের সঙ্গে কণ্ঠ ছাড়লেন গ্যালারির হাজার হাজার দর্শক। সৌগরবে উড়তে থাকল ভারতের পতাকা।

গোটা মাঠে বাংলাদেশের পতাকা এমনিতেই ছিল হাতে গোণা কয়েকটি। মাঠের এক প্রান্তে উঁচু স্টান্ডের সঙ্গে দুটি পতাকা টাঙিয়ে রাখা ছিল। আর দুই প্রান্তের দুটি গ্যালারিতে দুজনের হাতে দুটি পতাকা উড়তে দেখা গেছে। কিন্তু মাঠের ক্রিকেটে লড়াই করতে না পারলে কী আর গ্যালারির দাপট থাকে! ভারতের তেরাঙ্গার পাশে তাই ম্রিয়মান হয়ে রইল বাংলাদেশের লাল-সবুজ।

ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হারটা খুব অপ্রত্যাশিত নয়। তবে হারের ধরনটা ভীষণ হতাশাজনক। উদ্বোধনী জুটির দারুণ পারফরম্যান্সের পর আর তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই যে জমল না!

স্বাগতিক দর্শকদের তাতে আপত্তি থাকার কারণ নেই। ৩৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে আনুষ্ঠানিক হিসেবে দর্শক উপস্থিতি ছিল ৩৩ হাজার ৬১০ জন। আদতে হয়তো আরেকটু বেশি। সেখানে বাংলাদেশের সমর্থক শ খানেক ছিল কি না সন্দেহ!

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামের পথে ছুটতে থাকল আকাশী-নীলের স্রোত। খেলা শুরুর পর সময় যত গড়াল, গ্যালারিতেও বয়ে গেল নীল-প্লাবন। ঠাসা গ্যালারির প্রায় সব দর্শকের গায়ে ভারতের জার্সি।

Image

ব্যাটিং-বোলিং ব্যর্থতায় আরেকটি হারে হতাশায় ডুবে বাংলাদেশ দল।

২৭ বছর পর বিশ্বকাপের ম্যাচ হচ্ছে পুনেতে। এই মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম বিশ্বকাপের ছোঁয়া পেল প্রথমবার। শহর থেকে অনেক দূরে হলেও তাই স্টেডিয়ামের ভেতরে-বাইরে ছিল উৎসবের আবহ। এমনকি ভারতীয় বোলাররা যখন উইকেট পাচ্ছিলেন না, তখনও তারা উৎসাহ দিয়ে যাচ্ছিলেন দলকে। শার্দুল ঠাকুর যখন তিন বলে ছক্কা-চার-ছক্কা হজম করলেন, তখনও তার নাম ধরে স্লোগান দিয়ে দর্শকেরা চেষ্টা করলেন এই পেসারকে উজ্জীবিত করতে।   

তবে জুটি যত বড় হতে থাকল, দর্শকদের উৎসাহেও ভাটার টান পড়ল। লিটন কুমার দাস ও তানজিদ হাসানের একেকটি শট গ্যালারিকে যেন স্তব্ধ করে দিল। বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড জুটি গড়লেন দুজন। ভারতীয় সাংবাদিকরা প্রেসবক্সে বাংলাদেশী সাংবাদিকদের কাছে খোঁজখবর নেওয়া শুরু করলেন তানজিদকে নিয়ে।

জুটি যখন শতরানের অপেক্ষায়, তখনই প্রথম ধাক্কা। কুলদিপ ইয়াদাভের বলে তানজিদ আউট হতেই গ্যালারি উত্তাল। নিজেদের কণ্ঠে জোর আবার ফিরে পেল তারা। সেই শুরু আর থামাথামি নেই। বাংলাদেশের একেকটি উইকেট পড়ে আর গ্যালারিতে কাঁপন ধরে। দর্শকের চিৎকারে, তাদের স্লোগান আর গানে।

লিটন দাস আউট হওয়ার পর সম্ভবত তখনও পর্যন্ত সবচেয়ে বড় গর্জনটা শোনা গেল। বড় বাধা দূর হলো বলে কথা!

বাংলাদেশের ব্যাটিং পথ হারাল ক্রমে। চোটের কারণে হার্দিক পান্ডিয়া নিজের প্রথম ওভারে মাঠ ছাড়ার পরও তার অভাব বুঝতে দিলেন না সতীর্থরা। যে উইকেটে লড়াই করার জন্যও অন্তত ৩০০-৩২০ রান লাগে, সেখানে বাংলাদেশ থমকে গেল স্রেফ ২৫৬। মাহমুদউল্লাহর ইনিংসটা না হলে অবশ্য অবস্থা হতে পারত আরও নাজুক।

Image

ছক্কায় শতক ছুঁয়ে ও জয় নিশ্চিত করে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ভিরাট কোহলির হুঙ্কার। 

ওই পুঁজি নিয়ে ভারতকে আটকাতে হলে প্রয়োজন ছিল অসাধারণ বোলিং এবং আরও অনেক কিছু পক্ষে আসা। হয়নি কিছুই। বরং বোলারদের আলগা বল পেয়ে রোহিত শার্মা পিটুনি দিতে থাকেন ইচ্ছে মতো। তার ব্যাটের তালে গ্যালারিতেও চলতে থাকে আনন্দনৃত্য। একসময় গ্যালারি থেকে যেভাবে ‘সা…চি…ন সা…চি…ন’ স্লোগান ভেসে আসত, এবার এখানে সেই একই সুরে শোনা গেল ‘রো…হি…ত রো…হি…ত।”

আগ্রাসী ইনিংস শেষে রোহিতের বিদায়ে একটুক্ষণের জন্য গ্যালারি শান্ত হলো বটে। পরক্ষণেই আবার উত্তাল। ব্যাট হাতে নেমেছেন যে ভিরাট কোহলি!

একটু পরই হাসান মাহমুদের কাছ থেকে নো বল আর ফ্রি হিট উপহার পেয়ে চার-ছক্কায় গ্যালারিতে প্রাণ ফেরালেন কোহলি।

বাংলাদেশের নখদন্তহীন বোলিংয়ে ভারতের রান উৎসব চলতে থাকল। কৃত্রিম আলোয় ঝলমলে হয়ে উঠল গ্যালারির রঙও। ভারত এগিয়ে গেল অনায়াস জয়ের পথে।

শেষ দিকে অবশ্য দারুণ রোমাঞ্চ জমে গেল। একেবারে টানটান উত্তেজনা যাকে বলে। কোহলির সেঞ্চুরি হবে তো!

হাসান মাহমুদের স্লোয়ার ডেলিভারি যখন গ্যালারিতে আছড়ে ফেললেন কোহলি, সেঞ্চুরির জন্য তখন তার প্রয়োজন আর ২০ রান। ভারতের জয়ের জন্যও তখন লাগে ঠিক ২০ রানই!

এরপর কোহলি আর দলের পথ চলতে থাকল একই সুরে। নাসুম আহমেদের বলে চার মারার পর কোহলির লাগে ১৫, দলেরও লাগে ১৫। ওই ওভার থেকেই শুরু হলো সিঙ্গেল না নেওয়ার পালা। এক্সট্রা কাভার সীমানার ফিল্ডারের কাছে বল পাঠিয়েও সিঙ্গেল নিলেন না কোহলি। পরের বলেই নাসুমকে ওড়ালেন ছক্কায়।

Image

হাজার হাজার ভারত সমর্থকদের উপস্থিতিতে পুরো গ্যালারি যেন পরিণত হয়েছিল নীল সমুদ্রে।

এমনিতে ব্যক্তিগত মাইলফলক নিয়ে খুব একটা অনুরাগ তার দেখা যায় না। কিন্তু এ দিন তিনি সেঞ্চুরিকেই লক্ষ্য বানালেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে। এটিই বলে দেয়, ম্যাচটি কতটা অনায়াস ছিল তাদের জন্য। আর কতটা বিব্রতকর বাংলাদেশের জন্য।

কোহলির সেঞ্চুরির জন্য যখন ৩ রান লাগে আর দলের জয়ের জন্য ২, নাসুম আহমেদ তখন এক ডেলিভারি করলেন লেগ স্টাম্পের বাইরে। এক মুহূর্তের জন্য যেন শ্মশানের নীরবতা নেমে এলো গোটা মাঠে। কোহলি নিজেও বিস্মিত। তবে আম্পায়ার কী মনে করে যেন ওয়াইড দিলেন না। গ্যালারিতে সে কী উল্লাস!

মাঠের ডিজে তখন লাউড স্পিকারে বলছেন ‘কিং’, আর গোটা মাঠ একসঙ্গে চিৎকার করছে ‘কোহলি…।’ এই ‘কিং কোহলি কিং কোহলি’ চলতে থাকল। একটু পরই নাসুমকে ছক্কায় উড়িয়ে তিনি পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত ঠিকানায়।

নিজের উদযাপনটুকু শেষে দর্শকদের ভালোবাসার প্রতিদান জানাতেও ভুললেন না তিনি। কুর্নিশ জানালেন গ্যালারির সব দিকে ঘুরে ঘুরে তাকিয়ে। ম্যাচ শেষে বললেন, “এমন দর্শকের সামনে খেলতে পারাটা বিশেষ কিছু…।”

বাংলাদেশের গুটিকময় সমর্থক তখন হতাশায় ডুবে। পুনের নীল দুর্গে উড়ল না লাল-সবুজের বিজয় নিশান।