মিরাজ-পরীক্ষার শেষ কোথায়
মেহেদী হাসান মিরাজকে প্রতি ম্যাচেই ওপরের দিকে খেলাতে গিয়ে ব্যাটিং অর্ডারে ওলট-পালট, যেটির প্রভাব পড়ছে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে।
এবার বিশ্বকাপের আগে মেহেদী হাসান মিরাজ নিশ্চয়ই অন্যদের চেয়ে কয়েকগুণ বেশি অনুশীলন করেছেন। বিভিন্ন পজিশনে ব্যাটিং করার প্রস্তুতি যে তাকে নিতে হয়েছে!
ব্যাটিং অর্ডারে ওলট-পালট নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেন, বিভিন্ন ম্যাচে দলীয় কৌশল অনুযায়ী ব্যাটিং অর্ডারে কে কোথায় ব্যাট করবেন, ক্রিকেটারদের তারা বেশ আগেই তা জানিয়ে রেখেছেন এবং সেভাবে ব্যাটসম্যানদেরকে ট্রেনিংও দেওয়া হয়েছে। বিশ্বকাপের চার ম্যাচে মিরাজ তিনটি ভিন্ন পজিশনে ব্যাট করেছেন। সামনের ম্যাচগুলিতে আরও নতুন পজিশনে দেখা যেতেও পারে। কোচের কথা অনুযায়ী, সব পজিশনের জন্যই তো তাকে আলাদা ট্রেনিং করতে হয়েছে!
এটিকে কৌতুক হিসেবে নিতে পারেন অনেকে। কিন্তু মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে নানা পরীক্ষা এখন আসলে গুরুতর আকার ধারণ করেছে। কারও ওপর ভরসা রাখা অবশ্যই ক্রিকেটে খুব জরুরি ব্যাপার। কিন্তু সেই ভরসা যখন অতিরিক্ত হয়ে যায়, প্রশ্নও উঁকি দিতে শুরু করে। আর কত?
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এশিয়া কাপে ওপেনিংয়ে মিরাজের সেঞ্চুরি ও বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে তার রান পাওয়াটা দলের জন্য কাল হয়ে এসেছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ তো কয়েক দিন আগে সরাসরিই বলেছেন, মূলত মিরাজকে ওপরে খেলাতে গিয়েই ব্যাটিং অর্ডারে ওলট-পালট করতে হয়েছে। তাকে জায়গা করে দিতে বেশ কজনের ব্যাটিং অর্ডার নড়ে গেছে, তাদের আত্মবিশ্বাস কমে গেছে, স্বাচ্ছন্দ্য হারিয়ে গেছে এবং সেটির সরাসরি প্রভাব পড়ছে গোটা দলের ব্যাটিংয়ে।
পুনেতে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচেও পড়েছে সেসবের ছাপ।
খালেদ মাহমুদ বলেছিলেন, টপ অর্ডারে দল দ্রুত একটি-দুটি উইকেট হারানোর কারণেই মিরাজকে ওপরে খেলানো হচ্ছে। ভারতের বিপক্ষে তো লিটন কুমার দাস ও তানজিদ হাসান দলকে দারুণ শুরু এনে দিয়েছেন। এরপর নাজমুল হোসেন শান্ত যদিও দ্রুত আউট হয়েছেন। তারপরও দলের ভিক্ত শক্তই ছিল। এখানে তাহলে মিরাজকে কেন নামানো হলো চারে!
১৩ বল খেলে ৩ রানে আউট হয়েছেন মিরাজ। উইকেটের পেছনে লোকেশ রাহুল দুর্দান্ত ক্যাচ নিয়েছেন বটে। তবে মিরাজের শটও ছিল আলগা। দলের ইনিংসের পথ হারানো শুরু ওই সময়টা থেকেই।
এরপর ক্রিজে গিয়ে তাওহিদ হৃদয় অবশ্য দলকে আরও পিছিয়ে দিয়েছেন। এক-দুই রান বের করতেও ধুঁকছিলেন তিনি। তার ৩৫ বলে ১৬ রানের ইনিংসটি শুধু দৃষ্টিকটূই ছিল না, দলের মোমেন্টাম একদম পিষে ফেলেছে।
এই ব্যাটিং স্বর্গে এমন বাজে ইনিংসের জন্য হৃদয়কে অবশ্যই কাঠগড়ায় তোলা যায়। এমন ব্যাটিংয়ের পক্ষে কোনো যুক্তিই দাঁড় করানো কঠিন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত শুরু করা হৃদয় যে হঠাৎ ব্যাটিং ভুলে গেলেন, তাতে কি ব্যাটিং অর্ডার ওলট-পালটের দায় নেই?
মিডল অর্ডারে যিনি দারুণ খেলছিলেন, সাবলিল ব্যাটিংয়ে চমৎকার সব ইনিংস উপহার দিচ্ছিলেন, হুট করেই বিশ্বকাপে তাকে নামিয়ে দেওয়া হলো সাতে। এই পজিশনের দাবি পুরো ভিন্ন। যেটা মেটাতে হিমশিম খেয়েছেন হৃদয়। এই পজিশনে খেলার মানসিকতা ভিন্ন, স্কিল ভিন্ন। রাতারাতি সেই পরিবর্তনে মানিয়ে নেবেন হৃদয়, সেটিও বিশ্বকাপের মতো মঞ্চে এসে, এমন চাওয়াটাই তো অন্যায়।
হৃদয়ের আত্মবিশ্বাসে এমনই টান পড়েছে, ভারতের বিপক্ষে পাঁচে ফিরেও তাকে মনে হয়েছে অচেনা। তিন নম্বরে এই বছরে দারুণ সফল নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে তিন নম্বর আর চার নম্বরে আসা-যাওয়ার পালায় রান করতে পারলেন না টানা তিন ইনিংসে।
এমন নয় যে মিরাজ টপ অর্ডারে বা চার-পাঁচে খেলতে পারেন না। পারেন অবশ্যই। তার ব্যাটিংয়ে গত কিছুদিনে উন্নতি হয়েছে অনেক। শটের রেঞ্জ বেড়েছে। টেম্পারমেন্ট আরও ভালো হয়েছে। আত্মবিশ্বাসও ক্রমে বাড়ছে। কিন্তু বড় দল বা ভালো বোলিং আক্রমণের বিপক্ষে ম্যাচের পর ম্যাচ টানা টপ অর্ডারে বা চার-পাঁচে ব্যাট করার মতো জায়গায় কি এখনও পৌঁছতে পেরেছেন?
উত্তরটা বের করা জরুরি।
