ইডেনে আগে খেলায় নিজেদের এগিয়ে রাখছেন না সাকিব
উইকেট সম্পর্কে ধারণা পেলেও সেটি বাড়তি সুবিধা হিসেবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক।
চলতি বিশ্বকাপে কাছাকাছি অবস্থায় বাংলাদেশ, পাকিস্তান। দুই দলই চেপেছে পরাজয়ের রথে। একের পর এক হারে কোণঠাসা অবস্থায় এবার মুখোমুখি লড়াইয়ে নামছে তারা। আর এই ম্যাচের মাঠে সম্প্রতি খেলার অভিজ্ঞতা থাকাকে বাড়তি কোনো সুবিধা হিসেবে দেখছেন না সাকিব আল হাসান।
কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা। একই মাঠে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছে বাংলাদেশ।
ওই ম্যাচের ফল পক্ষে না এলেও অন্তত পাকিস্তানের আগেই ইডেনের উইকেট, কন্ডিশন সম্পর্কে একটা ধারণা পেয়েছে সাকিবের দল। যা নেই পাকিস্তানের। চেন্নাইয়ে শুক্রবার খেলে এক ম্যাচের জন্যই কলকাতা গিয়েছে বাবর আজমের দল।
এই মাঠে পাকিস্তানের অতীত পরিসংখ্যান দুর্দান্ত। ছয় ম্যাচে তারা জিতেছে পাঁচটিতে। স্বাগতিক ভারতের বিপক্ষে কলকাতায় চার ম্যাচের সবকটিই জিতেছে তারা। তবে গত দশ বছরে আর ইডেনে ওয়ানডে খেলেনি ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশের জন্য বিরতিটা ছিল আরও বড়। ১৯৯০ সালের পর নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ফের ইডেনে ওয়ানডে খেলতে নামে তারা। তাই পাকিস্তানের আগেই এই মাঠে এক ম্যাচ খেলাকে তেমন বড় করে দেখতে চান না বাংলাদেশ অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইডেনের মাঠের চেনা কন্ডিশনে এগিয়ে থাকার প্রশ্নে তাই খানিক ঘুরিয়েই উত্তর দেন সাকিব।
“পরিচিতির দিক থেকে (বাংলাদেশ) এগিয়ে... এটা আসলে বলা মুশকিল। আমরা কখনও ভারতে ওয়ানডে সিরিজ খেলিনি। আমি, মুস্তাফিজ, লিটন... যাদের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, তাদের হয়তো একটা ধারণা আছে। কিন্তু যারা খেলেনি তাদের তো আসলে ধারণা নেই।”
“এটা যে খুব একটা বড় বিষয় হবে, তা নয়। যদি ওদের কোচ বলে থাকেন যে, দুই দলের জন্যই অপরিচিত একটা কন্ডিশন... কারণ আমরা কোনো দলেরই এখানে শেষ ১০-১৫ বছরে খুব একটা ম্যাচ খেলা হয়নি। সেদিক থেকে এটা খুব পরিচিত জায়গাও আমাদের নয়, যদিও কাছাকাছি দেশ।”
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটিতে তেমন রান হয়নি। বাংলাদেশের আঁটসাঁট বোলিংয়ে ডাচরা গুটিয়ে যায় ২২৯ রানে। পরে পল ফন মেকেরেন, বাস ডে লেডেরাও দারুণ বোলিং করলে ১৪২ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারে ৮৭ রানের ব্যবধানে।
ওই ম্যাচ থেকে উইকেট সম্পর্কে একটা ধারণা পাওয়ার কথা মেনে নেন সাকিব। তবে এটি তার দলের জন্য বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
“(উইকেট সম্পর্কে) কিছুটা ভালো ধারণা আমাদের আছে। তবে আমি নিশ্চিত, যাদের সঙ্গে আমরা খেলব, তারাও ম্যাচটা দেখেছে। তো তাদেরও একটা ধারণা হয়ে যায়। আসলে পিচ সম্পর্কে ধারণা পেতে ম্যাচটা খেলতেই হবে এমন নয়। আপনি যখন একটা ম্যাচ দেখবেন, তখনও একটা ধারণা হয়।”
“প্রতিদিনই আলাদা আলাদা পিচে খেলা হয়। তো কন্ডিশন ভিন্ন হতে পারে। আমরা যে পিচে খেলেছি, এখন খেলব অন্য পিচে। তো কন্ডিশন পুরোটাই ভিন্ন থাকবে। তো ওই খেলার অভিজ্ঞতা যে খুব কাজে আসবে, তা বলা মুশকিল। তবে অন্তত একটা ধারণা তো আসেই।”
ইডেনে এর আগে বিশ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, পাকিস্তান। ২০১৬ সালের টি-টোয়েন্টিতে বিপুল দর্শক সমর্থন পাওয়া ম্যাচে বাংলাদেশকে ৪৬ রানে হারায় পাকিস্তান।
এবারে অবশ্য দুই দলের জন্যই পরিস্থিতি নাজুক। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা পাঁচ ম্যাচ হেরেছে বাংলাদেশ। পাকিস্তান পরপর দুই জয়ের পর হেরেছে টানা চার ম্যাচ। সেমি-ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে।
