২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা এতটা বাজে দল নই’

বিশ্বকাপে পারফরম্যান্স যতটা বাজে হয়েছে, বাংলাদেশ ততটা খারাপ দল নয় বলেই দাবি অধিনায়ক সাকিব আল হাসানের।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 08:57 AM

Updated : 29 Oct 2023, 08:57 AM

এমনিতে খারাপ সময়ের চক্রেই ছিল বাংলাদেশ দল। একের পর এক ম্যাচ হারছিল, লড়াই জমাতে পারছিল না। কিন্তু তলানিতে নামার পরও যে ব্যর্থতার আরও গভীরে নামা যায়, সেটিই এবার তারা দেখাল। নেদারল্যান্ডসের সঙ্গে স্রেফ পরাজয়ই নয়, অসহায় আত্মসমর্পণের অবিশ্বাস্য দৃশ্যাবলী তারা মেলে ধরল কলকাতার ইডেন গার্ডেন্সে। অধিনায়ক সাকিব আল হাসানের যদিও বিশ্বাস, আদতে এতটা বাজে দল নন তারা।

আফগানিস্তানের সঙ্গে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর প্রত্যাশা পূরণের পথ ধরে আর ছুটতে পারেনি বাংলাদেশ দল। ইংল্যান্ডের কাছে হার দিয়ে যে ধারার শুরু হলো, তা চলছে এখনও। এই পরিক্রমায় নিউ জিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা হয়ে এবার নেদারল্যান্ডসের বিপক্ষেও জুটল পরাজয়ের মালা।

সবশেষ এই ধাক্বাটিই সবচেয়ে জোরাল। নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয়ই ছিল কাঙ্ক্ষিত। উল্টো বাংলাদেশই কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারল না!

অধিনায়ক সাকিব মানতেই পারছেন না দলের এমন হার। তবে তিনিই আবার বলছেন, তার দল এতটা খারাপ নয়।

“এটা মেনে নেওয়া কঠিন, হজম করা খুবই কঠিন। তবে ক্রিকেটে এরকম হতেই পারে। ডাচদের কৃতিত্ব দিতে হবে। তারা শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছে এবং আমরা বাজে খেলেছি।”

“এখানে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাদ দিলে আমরা খুবই আন্ডার পারফর্ম করেছি। তবে আমি অন্তত বিশ্বাস

করি, এতটা খারাপ দল আমরা নই, যেভাবে আমরা পারফর্ম করেছি। হতে পারে সেটা বিশ্বকাপ, আবহ,

সবার ওপর অনেক প্রত্যাশা, সব মিলিয়েই হতে পারে। এগুলো খুঁজে বের করা জরুরি।

যদি সেই অনুযায়ী কাজ করতে পারি, তাহলে সামনের দিকে ভালো কিছু হতে পারে।”

বিশ্বকাপের আবহ কিংবা প্রত্যাশার চাপে যদি দল ভেঙে পড়ে, তাহলে সরাসরি আঙুলও উঠে যায় তাদের দিকে। তারা কি এই পর্যায়ে খেলার মতো যথেষ্ট যোগ্য কিংবা তৈরি? প্রশ্ন উঠে যায় নির্বাচকদের নিয়েও। বাংলাদেশে যদিও দল নির্বাচন প্রক্রিয়ায় বোর্ড সভাপতি থেকে শুরু করে কোচ-অধিনায়ক, সবাই সম্পৃক্ত থাকেন।

তবে দল নির্বাচনকেও দায় দিতে নারাজ সাকিব।

“কাউকে দোষ দেওয়া ঠিক হবে না। আমরা যে ১৫ জনই আসি, অন্তত আমরা এর চেয়ে ভালো দল। আমি বিশ্বাস করি এটা। সেভাবে আমরা কিছুই করতে পারিনি। সেদিক থেকে অনেক হতাশাজনক আমাদের পারফরম্যান্স এবং আমি নিশ্চিত যে, গোটা ড্রেসিং রুমের সবাই এটা এক কথায় স্বীকার করবে যে, আমরা যা পারি, তার কিছুই করতে পারিনি।”