১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘লকার রুমে হামজারা নিস্তব্ধ, কেউ কথা বলছে না’

সাফ চ্যাম্পিয়নশিপে সেমি-ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর দলের অবস্থা জানালেন বাংলাদেশ কোচ টমাস ডুলি।

‘লকার রুমে হামজারা নিস্তব্ধ, কেউ কথা বলছে না’

ম্যাচ শেষে হতাশায় নুইয়ে পড়ে বাংলাদেশ দল। ছবি: ছবি: শাসছুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 12:09 AM

Updated : 15 Nov 2026, 12:09 AM

শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে উঠলেন সামাদ-ইজাজরা। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আনন্দে কেউ মাঠে এলিয়ে দিলেন ক্লান্ত শরীর, কেউ বসে রইলেন, আলিঙ্গণে বাঁধতে লাগলেন পরস্পরকে, সবার মুখে প্রাপ্তির হাসি। বিপরীত দৃশ্য বাংলাদেশ শিবিরে। স্বপ্নভঙ্গের হতাশায় বিষন্ন হামজা-জিদানরা। কোচ টমাস ডুলি জানালেন, লকার রুমে খেলোয়াড়রা বিধ্বস্ত, স্তব্ধ, কথা বলছেন না কেউ।

২০০৫ সালের পর প্রথমবারের মতো সাফের ফাইনালে বাংলাদেশ উঠবে-এই আশা নিয়ে গ্যালারিতে আসা সমর্থকরা ম্যাচ শেষে ফুঁসে ওঠে ক্ষোভে। পশ্চিম দিকের গ্যালারিতে হঠাৎই আগুণ জ্বলতে দেখা যায়। ব্যানারে আগুন দিলেও অবশ্য তা দ্রুতই নিভিয়ে ফেলা হয়।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের ছোট্ট ভুলে চড়া মাশুল দিয়ে ১-০ গোলে হারে বাংলাদেশ। লম্বা থ্রোয়ে তিনি বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে। সতীর্থের পাস ধরে সামাদ বক্সে ঢুকে জিদান ইউসুফ ও জায়ান আহমেদের ফাঁক দিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বাংলাদেশ কোচ ডলি তুলে ধরলেন দলের অবস্থা।

“প্রথমেই পাকিস্তানকে অভিনন্দন জানাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাদের মতো আমরা সবাই অত্যন্ত হতাশ। লকার রুম একদম নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। তারা ভেঙে পড়েছে, মাঠেই কাঁদছে। তারা জানে আজকের পারফরম্যান্স যথেষ্ট ছিল না।

“আগামীকাল তারা নিজেরাই ভাববে-'আমি কি আরেকটু বেশি দৌড়াতে পারতাম? আমি কি আরেকটু ভালো প্রস্তুতি নিতে পারতাম?' আমরা সবসময় বলি, প্রস্তুতি যেমন হবে, খেলাও তেমনই হবে। ওয়ার্ম-আপে ওদের শুটিং ও পাসিং দেখে অসাধারণ মনে হচ্ছিল। কিন্তু ম্যাচের শুরুতে আমরা বলের দখল পাইনি, আর এরপর তাড়াহুড়ো করে কিছু করতে গিয়েই বিপত্তি ঘটেছে।”

পাকিস্তান ম্যাচ চ্যালেঞ্জিং হবে, আগেই বলেছিলেন ডুলি। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের এই কোচের কণ্ঠে ঘুরেফিরে এলো সেই কথা। সমর্থকদের প্রত্যাশার চাপ নিতে না পারার ব্যর্থতাও স্বীকার করলেন তিনি। গোলকিপার শ্রাবণের নাম সরাসরি না নিলেও, তার করা ভুলটিও উঠে এলো ডুলির কথায়।

“আমাদের জন্য এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ ছিল। একদম শুরু থেকেই আমরা সেভাবে ম্যাচে ঢুকতে পারিনি। স্বাভাবিকভাবে ঘরের মাঠে দর্শকদের সামনে এত মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে-আমাদের সাফ জিততেই হবে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে। কিন্তু যেমনটা বললাম, আমরা ম্যাচেই ঢুকতে পারিনি। ওদের কিক-অফ ছিল, আমাদের বল দখলে নিতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, আর ওরা শুরু থেকেই আমাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল।

“ম্যাচে কখনো কখনো এমন হয় যে, আপনি এক-দুটি ভুল করেন এবং পরেরবার আরও ভালো করার চেষ্টা করেন, কিন্তু সেটিও কাজে লাগে না; আবার চেষ্টা করেন, সেটিও ব্যর্থ হয়-তখন আপনি নার্ভাস হয়ে পড়েন। আপনারা দেখেছেন, আমাদের অনেক পাসই সতীর্থদের কাছে পৌঁছায়নি।”

নিজেদের ঘাটতির পাশাপাশি প্রতিপক্ষের নৈপুণ্যের কথাও বললেন কোচ।

“ওরা খুব দ্রুতগতির ছিল এবং আমাদের শরীরী ভাষা দেখে ওরা খুব ভালোভাবেই বুঝে ফেলছিল আমরা কী করতে চাইছি। এ কারণেই ওরা খুব দ্রুত বল কেড়ে নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যার ফলে শুরুতে ম্যাচে ফেরা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল।”

গোলশুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে পাকিস্তানকে সেভাবে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। শুকি ইতোফুসা, রহমত মিয়াকে তুলে মোহাম্মদ ইব্রাহিম ও বিশ্বনাথ ঘোষকে নামালেও কাজ হয়নি। শ্রীলঙ্কা ম্যাচে চোখধাঁধানো গোল করা ফারহান আলী ওয়াহিদও এ ম্যাচে পারেননি ঝলক দেখাতে। সব মিলিয়ে হতাশ ডুলি।

“দ্বিতীয়ার্ধে আমরা এ নিয়ে কথা বলেছি এবং কৌশলে কিছুটা পরিবর্তন এনেছিলাম, তখন খেলা কিছুটা ভালো মনে হয়েছে। আমাদের বলের দখল কিছুটা বেড়েছিল এবং উইং ব্যবহারের ক্ষেত্রে বোঝাপড়াও আগের চেয়ে ভালো ছিল। কিন্তু শুকির পেশিতে টান পড়ে; সে আর দৌড়াতে পারছিল না, তাই বাধ্য হয়ে তাকে বদলাতে হয়।

“ফারহান ক্লান্ত থাকলেও আমরা সবসময় তাকে খুঁজে বের করার চেষ্টা করেছি-যদি সে বক্সের ভেতর বল পায়, তবে তার দক্ষতায় গোল করতে পারে বা একটি ভাগ্যবান শট নিতে পারে (এই আশায়)। গত ম্যাচের মতো না হলেও বক্সে তাকে একটি সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা ছিল, যাতে সে গোল করতে পারে। কিন্তু তা আর হয়নি।”

যথেষ্ট মানসম্পন্ন ফরোয়ার্ড কিংবা গোলস্কোরারের ঘাটতি বাংলাদেশের অনেকদিনের। আরও একবার সেটা স্পষ্ট হলো।

“আক্রমণভাগে নামানোর মতো আমাদের হাতে বাড়তি কোনো ফরোয়ার্ড ছিল না। ওরা শেষ ৮ বা ১০ মিনিটের মাথায় গোল করে বসল, এই সময়ের গোলগুলো সাধারণত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পরিস্থিতি মূলত এটাই ছিল।”