২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড় রানের জন্য দোয়া চাইলেন বাংলাদেশ অধিনায়ক

ব্যাটসম্যানরা কেন বড় রান করতে পারছে না বা দলের স্কোর কেন বড় হচ্ছে না, সেটির ক্রিকেটীয় ব্যাখ্যায় গেলেন না সাকিব আল হাসান।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

মুম্বাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 09:48 PM

Updated : 23 Oct 2023, 09:47 PM

ছোট মাঠে খেলা হতে পারে বড় রানের। কিন্তু উইকেট যত ভালোই হোক বা মাঠের সীমানা হোক যতই ছোট, এই বিশ্বকাপে বাংলাদেশ তো কাজে লাগাতে পারেনি একবারও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক সাকিব আল হাসান বললেন, “দোয়া করবেন যেন বড় রান করতে পারি।”

এবারের বিশ্বকাপে চার ম্যাচ খেলে তিনশ ছোঁয়া তো বহুদূর, এখনও কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ। আড়াইশ ছুঁতেই পেরেছে মোটে একবার। সেটিতেও দলের ইনিংস থমকে গেছে ২৫৬ রানে। টুর্নামেন্টের এখনও পর্যন্ত সর্বোচ্চ দলীয় ইনিংসের তালিকায় এটির অবস্থান আপাতত ২৪তম। এমনকি আফগানিস্তান, নেদারল্যান্ডসের সর্বোচ্চ স্কোরও বাংলাদেশের চেয়ে বেশি।

বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৬ রানের। ব্যক্তিগত ইনিংসের তালিকায় এই মুহূর্তে এটি আছে ৩৪ নম্বরে।

ব্যাটসম্যানরা কেন বড় রান করতে পারছে না, দলের রান কেন বড় হচ্ছে না, ঘাটতিটা কোথায়। অবধারিত এই প্রশ্নটি উঠল সোমবার সাকিবের সংবাদ সম্মেলনে। বাংলাদেশ অধিনায়ক কোনো ক্রিকেটীয় ব্যাখ্যায় গেলেন না।

“বড় কোনো রান হচ্ছে না… (একটু ভেবে) হ্যাঁ, বড় কোনো রান হলে ভালো হতো। আমরাও চেষ্টা করছি বড় রানের জন্য। দোয়া করবেন যেন বড় রান করতে পারি।”

ব্যাটস্যমানদের টানা ব্যর্থতা নিয়েও প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনের শুরুর দিকেও। সাকিব সেখানেও বলেছেন, এখনই কোনো সমীকরণে তিনি যেতে চান না।

“যেহেতু আরও ৫টি ম্যাচ আছে, টুর্নামেন্ট এখনও চলছে, এখনই মতামত না দেওয়াই ভালো। অর্ধেক পথে না বলাই ভালো। টুনামেন্ট শেষ হলে দেওয়াই ভালো।”

ব্যাটসম্যানদের ব্যর্থতার প্রসঙ্গে গভীরে যেতে না চাইলেও বোলারদের প্রত্যাশা পূরণের ব্যাপারটি অবশ্য ঠিকই ফুটে উঠল অধিনায়কের কণ্ঠে।

“এমন একটা জায়গায় খেলা হচ্ছে যেখানে বোলাররা ভালো না করলে জেতার সম্ভাবনা খুব কম। এমন জায়গা যেখানে বোলাররাই জেতাতে পারে ম্যাচ অনেক সময়। এখানে সেটাই হয়ে থাকে। শেষ ম্যাচে অনেক রান হয়েছে আগে, পরে বোলাররা ভালো করেছে। অবশ্যই আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে।”