০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে খুনে ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে ক্লসেন

ব্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন হাইনরিখ ক্লসেনের স্বদেশি কুইন্টন ডি ককও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 03:14 PM

Updated : 25 Oct 2023, 03:19 PM

ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরির পর বাংলাদেশ ম্যাচে ঝড়ো নব্বই রানের ইনিংস। সব মিলিয়ে বিশ্বকাপে এরই মধ্যে দেড়শর বেশি স্ট্রাইক রেটে তিনশ ছুঁইছুঁই রান করেছেন হাইনরিখ ক্লসেন। এর পুরস্কার তিনি পেয়েছেন র‍্যাঙ্কিংয়ে।

আইসিসি বুধবার ওয়ানডেতে তিন বিভাগের র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৪ নম্বরে উঠেছেন ক্লসেন। তার স্বদেশি কুইন্টন ডি ককও দিয়েছেন লাফ। 

বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে শুরু পেলেও ইনিংস বড় হয়নি ক্লসেনের। পরে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ৬৭ বলে ১০৯ রানের ইনিংস, জেতেন ম্যাচ সেরার পুরস্কার। 

মুম্বাইয়ে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষেও জাগান সেঞ্চুরির সম্ভাবনা। ড্রেসিং রুমে ফেরার আগে খেলেন ২ চার ও ৮ ছক্কায় ৪৯ বলে ৯০ রানের ইনিংস। বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ইনিংসে ১৫০.৭৮ স্ট্রাইক রেট ও ৫৭.৬০ গড়ে তার সংগ্রহ ২৮৮ রান।

এমন খুনে ব্যাটিংয়ের সৌজন্যে ৭ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটসম্যান। তার নামের পাশে রয়েছে ক্যারিয়ার সেরা ৭৫৬ রেটিং পয়েন্ট। 

বাংলাদেশের বিপক্ষে ১৪০ বলে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংসসহ চলতি আসরে পাঁচ ম্যাচে তিন সেঞ্চুরি করা ডি কক তিন ধাপ এগিয়ে ৭৬৯ রেটিং নিয়ে অবস্থান করছেন তিন নম্বরে। 

ব্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন বাবর আজম। তবে পাকিস্তান অধিনায়কের সঙ্গে ব্যবধান আরও কমিয়েছেন শুবমান গিল। ৭ রেটিং খুইয়ে ৮২৯ পয়েন্ট এখন বাবরের। দুইয়ে থাকা গিলের নামের পাশে রয়েছে ৮২৩ পয়েন্ট। 

বোলারদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ৬৭০ রেটিং নিয়ে এক নম্বরে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। তার চেয়ে স্রেফ দুই পয়েন্ট কম নিয়ে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন মোহাম্মদ সিরাজ।

এই তালিকায় পাঁচ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। আফগানিস্তানের মোহাম্মদ নবি চার ধাপ এগিয়ে ছয় ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা চার এগিয়ে উঠেছেন সাত নম্বরে।

অলরাউন্ডারদের মধ্যে এখনও শীর্ষে সাকিব আল হাসান। সেরা দশে নেই কোনো পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার মার্কো ইয়ানসেন ২৩ ধাপ লাফ দিয়ে উঠেছেন ক্যারিয়ার সেরা ১১ নম্বরে।