‘নট ফিনিশড ইয়েট’, এখনও সেমি-ফাইনাল স্বপ্ন দেখছেন তাসকিন
বাকি চার ম্যাচ জিতলে এখনও অনেক কিছু সম্ভব বলে মনে করেন বাংলাদেশের অভিজ্ঞ ফাস্ট বোলার।
“বাংলাদেশের সেমি-ফাইনাল স্বপ্ন তো কার্যত শেষ, পরের চার ম্যাচে দলের প্রেরণা কী?” প্রশ্ন শুনে একটু সময় নিলেন তাসকিন আহমেদ। তারপর চওড়া হাসিতে বললেন, “ইটস নট ফিনিশড ইয়েট…।” কেন এখনও সম্ভাবনার শেষ নয়, সেটির ব্যাখ্যাও দিলেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার। বাংলাদেশ দলের ভেতর এখনও সেমি-ফাইনালের আশা জিইয়ে আছে বলেই জানালেন তিনি।
যদিও সেই আশার পেছনে বাস্তব ভিত্তি চোখে পড়ছে সামান্যই। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরুর পর বাংলাদেশের আর কোনো কিছুই ঠিকঠাক হয়নি। টানা চার ম্যাচে ধারামশালা থেকে চেন্নাই, পুনে থেকে মুম্বাই, নানা শহরে নানা ভেন্যুতে টানা চার ম্যাচ হেরে গেছে দল। কোনো ম্যাচে সেভাবে লড়াই জমাতেই পারেনি তারা।
মাঠের ক্রিকেটে ঠিকঠাক হচ্ছে না কিছুই। মাঠের বাইরেও নানা বিতর্কে দলকে মনে হচ্ছে জেরবার। তবে বাইরের এসব নানা কিছু দলকে স্পর্শ করছে না বলেই দাবি তাসকিনের।
যদিও ৫ ম্যাচে জয় স্রেফ ১টি, ব্যাটিং-বোলিংয়ে পরিপূর্ণ পারফরম্যান্স এখনও মেলে ধরতে পারেনি দল। সেই ব্যর্থতা মেনে নিয়েই তাসকিনের আশা, পরের চার ম্যাচের সবকটি জিতবেন তারা।
“এখনও শেষ হয়ে যায়নি (সেমি-ফাইনাল সম্ভাবনা), এখনও চারটি ম্যাচ আছে। আমরা যদি এই চার ম্যাচ জিততে পারি, যে কোনো কিছুই হতে পারে। রান রেটের ব্যাপার আছে, এছাড়াও ইংল্যান্ড-শ্রীলঙ্কার মতো দলগুলির ব্যাপার আছে। আফগানিস্তান হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে, ওরা পরে শ্রীলঙ্কার কাছে সহজে হেরেছে।”
“আমরা যদি তাই চারটি ম্যাচ জিততে পারি, ভিন্ন কোনো গল্প রচনা হতেও পারে। আপাতত আমাদের পরিকল্পনা প্রতিটি ম্যাচ ধরে এগিয়ে যাওয়া। হ্যাঁ, আমরা প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট ভালো খেলতে পারিনি। ব্যাটিং-বোলিং কোনো দিক থেকেই নয়। তবে চার ম্যাচ এখনও আছে। আমরা ভালো করতে মুখিয়ে আছি।”
একটি করে ম্যাচ ধরে এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশের প্রতিপক্ষ এখন নেদারল্যান্ডস। কলকাতায় শনিবার এই ম্যাচের পর আগামী বৃহস্পতিবার একই মাঠে তাসকিনরা খেলবেন ধুঁকতে থাকা আরেক দল পাকিস্তানের বিপক্ষে। পরের দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
