২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিরান ভূমিতে সৌন্দর্যময় ফুল, তবে বাংলাদেশের অপেক্ষায় চ্যালেঞ্জের কাঁটা

নান্দনিক মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মহারণের অপেক্ষায় বাংলাদেশ।

বিরান ভূমিতে সৌন্দর্যময় ফুল, তবে বাংলাদেশের অপেক্ষায় চ্যালেঞ্জের কাঁটা

পুনের চমৎকার এই স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

পুনে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 10:29 PM

Updated : 19 Oct 2023, 01:54 PM

স্টেডিয়ামে আসার পর আইসিসির মিডিয়া বিভাগের এক কর্মকর্তা হাত বাড়িয়ে সহাস্যে বললেন, “ওয়েলকাম ইন দা মিডল অব নোহোয়ার…।” স্টেডিয়ামে আসার পথে যা অভিজ্ঞতা হলো, তাতে তার কথার সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই। আসলেই এই মাঠের আশেপাশে তেমন কিছু নেই। তবে স্টেডিয়াম দেখে মনে ভালো লাগার দোলাও লাগতে বাধ্য। চমৎকার স্থাপনার দৃষ্টিনন্দন আঙিনা।

ভারত-বাংলাদেশ লড়াই দিয়ে বৃহস্পতিবার শুরু হবে এই মাঠের বিশ্বকাপ যাত্রা। আপাতত শেষ মুহূর্তের ঝাড়ামোছা থেকে শুরু করে টুকটাক কাজ চলছে। এই ম্যাচ দিয়েই ২৭ বছর পর বিশ্বকাপের ম্যাচ ফিরছে পুনেতে।

পুনে শহর থেকে অনেকটা দূরে গড়ে তোলা হয়েছে এই মাঠ। গাড়ীতে শহর থেকে এখানে আসতে ঘণ্টা দেড়েক সময় লেগে যায়। পুনে শহরে ট্রাফিক জ্যাম থাকে বেশ। শহর থেকে বের হতেই জঙ্গলের মধ্য দিয়ে ছুটে যায় পথ। কখনও কখনও লম্বা বিরান ভূমি। পথের দুই ধারে গাঁদা ফুলের গাদা গাদা গাছ চোখে পড়ে অনেকটা এলাকা জুড়ে। সেই সৌন্দর্যে ডুব দেওয়ার সুযোগ অবশ্য খুব একটা মেলে না, বরং মাঠে যাওয়ার দীর্ঘ পথের বিরক্তিটাই ছেয়ে থাকে মনে।

খেলা দেখতে ও খেলা কাভার করতে আসতে ও যেতে বেশ ঝামেলাই পোহাতে হয় দর্শক-সাংবাদিকদের। মাঠের আশেপাশেও জনবসতি খুব একটা নেই। তবে গড়ে তোলার প্রক্রিয়া চলমান। বিশাল একটি আবাসন প্রকল্পের কাজ চলছে এক পাশে।

মাঠে ঢোকার পর অবশ্য পথের ঝক্কিটা আড়ালে পড়ে যায়। মাঠের পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়। স্টেডিয়ামের ডিজাইন ও স্থাপনাগুলো নান্দনিক। বিখ্যাত ব্রিটিশ স্থপতি স্যার মাইকেল হপকিন্স এই মাঠের ডিজাইন করেছেন। স্টেডিয়ামের পুরো কাজ এখনও শেষ হয়নি। গ্যালারির ৭৫ ভাগ অংশেই যেমন এখনও ছাদ নেই। এরকম আরও কিছু কাজ বাকি আছে। দর্শক ধারণ ক্ষমতা আপাতত ৩৭ হাজার। ভবিষ্যতে তা বেড়ে ৪৫ হাজার পর্যন্ত হতে পারে।

পুনে শহরেই ক্রিকেট স্টেডিয়াম আছে আরেকটি। ১৯৮৭ ও ১৯৯৬ বিশ্বকাপের ম্যাচসহ বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ হয়েছে সেই জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। এই মাঠেই ১৯৯৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্ব নাড়িয়ে দিয়েছিল কেনিয়া। তবে এখন আর সেখানে আন্তর্জাতিক ক্রিকেট হয় না। নতুন স্টেডিয়ামের জন্য অনেক দিন ধরে জমি খুঁজে অবশেষে শহর থেকে দূরে গাহুনজে গ্রামে এই মাঠ গড়ে তোলার কাজ শুরু হয় ২০০৭ সালে।  

২০১১ বিশ্বকাপের ম্যাচ এখানে আয়োজনের লক্ষ্য ধরেই নির্মাণকাজ চলছিল। তবে সময়মতো কাজ শেষ না হওয়ায় সেবার হয়ে ওঠেনি। আরও এক যুগ অপেক্ষার পর অবশেষে বিশ্বকাপের ছোঁয়া পাচ্ছে এই মাঠ।

পথের বিরক্তিটুকুর পর মাঠে ঢুকলে শান্তির পরশ লাগে স্টেডিয়ামের সৌন্দর্য দেখে। তবে বাংলাদেশ দল সেই শান্তির ছোঁয়া পাবে কি না, তা বলা কঠিন। টানা দুই ম্যাচে বড় পরাজয়ের পর এই মাঠে লড়তে হবে স্বাগতিক ভারতের সঙ্গে। এই টুর্নামেন্টে যাদের শুরুটা হয়েছে দুর্দান্ত। রোহিত শর্মাদের সামনে চ্যালেঞ্জের দামামা প্রবলভাবেই শুনতে পাচ্ছেন সাকিব আল হাসানরা।

দু্ই দলের সবশেষ চার লড়াইয়ে অবশ্য বাংলাদেশ জিতেছে তিনটিতেই। গত ডিসেম্বরে দেশের মাঠে প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। সিরিজ হারার পর একটি ম্যাচ জিতে নেয় ভারত। এরপর গত মাসে এশিয়া কাপেও ভারতকে হারিয়ে দেন সাকিবরা।

তারপরও এই ম্যাচে পরিষ্কার ফেভারিট ভারত। মঞ্চটা এখানে বিশ্বকাপ, যাবতীয় সমীকরণই আলাদা। শক্তি-সামর্থ্যেও এগিয়ে ভারত। প্রবল আত্মবিশ্বাসী তারা সাম্প্রতিক ফর্ম ও ছন্দের কারণেও। টানা তিন ম্যাচে দারুণ জয়ে এই মুহূর্তে তারা উড়ছে। সেই ছন্দটাকে সঙ্গী করেই তারা সামনে এগোতে চাইবে বাংলাদেশকে গুঁড়িয়ে।

মাঠের সেন্টার উইকেটে মঙ্গলবার পুরোদমে অনুশীলন করেছে দুই দলই। বাংলাদেশের ব্যাটসম্যানরা বরাবরের মতোই যেভাবে নেট সেশনে ব্যাট করেন, সেভাবেই করেছেন। সাকিব আল হাসানের ৪৫ মিনিটের ব্যাটিং সেশন দলকে দিয়েছে স্বস্তি। চোটের ধাক্কা কাটিয়ে তিনি খেলবেন বলেই মনে হচ্ছে। ভারতের নেট সেশনে রেঞ্জ হিটিং অনুশীলন করতেই দেখা গেল বেশি। বারবার বল আছড়ে পড়ল গ্যালারিতে।

এমনিতে এই মাঠের উইকেটও ঝড় তোলার আদর্শ মঞ্চ। এখানে সবশেষ ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ছয় ইনিংসের পাঁচটিতেই স্কোর পেরিয়েছে তিনশ। এক ম্যাচে তো ভারতের ৩৩৬ রান তাড়ায় ইংল্যান্ড জিতে গেছে ৩৯ বল বাকি রেখেই। আরেক ম্যাচে ৩৩০ রানের লক্ষ্যে ছুটে ইংলিশরা থামে ৩২৯ রানে। যদিও সেই সিরিজ দুই বছর আগে, তবে উইকেটের চরিত্র বদলেছে বলে মনে হয় না।

ভারতীয় ব্যাটসম্যানরা তাই এখানে রান উৎসবে মেতে ওঠার অপেক্ষা করতেই পারেন। বাংলাদেশের ব্যাটিংয়ের যা অবস্থা, এই উইকেটেও নানা শঙ্কার উঁকিঝুকি আছে।

বিরান ভূমিতে যেমন ফুলের মতো ফুটে আছে এই স্টেডিয়াম, তেমনি বাংলাদেশের সামনেও চ্যালেঞ্জ হতাশার আঁধারে আলোর ফোয়ারা বয়ে আনার।