সাঁতরাতে গিয়ে দুর্ঘটনার শিকার জ্যাম্পা
তবে গুরুতর কিছু হয়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অদ্ভুত সব দুর্ঘটনার তালিকায় নাম তুলেছেন অ্যাডাম জ্যাম্পা। সুইমিং পুলে সাঁতরাতে গিয়ে মুখে আঘাত পেয়েছেন ৩১ বছর বয়সী লেগ স্পিনার।
জ্যাম্পার এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন প্যাট কামিন্স। তবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে জ্যাম্পাকে পাওয়া নিয়ে কোনো দুর্ভাবনা নেই দলের অধিনায়কের।
সংবাদমাধ্যমে শনিবার কামিন্স জানিয়েছেন, টিম হোটেলের সুইমিং পুলে সাঁতরানোর সময় অসতর্কতাবশত দেয়ালে ধাক্কা লেগে মুখের কিছু অংশ কেটে গেছে জ্যাম্পার।
“সে সাঁতরাতে গিয়ে পুলের দেয়ালে ধাক্কা খেয়েছে। আমাদের সে বলেছে, তখন তার চোখ বন্ধ ছিল এবং ভেবেছে সোজাই সাঁতরাচ্ছে। কিন্তু পুলের দেয়ালে ধাক্কা লাগে। কিছুটা ব্যথা আছে, তবে এমনিতে ঠিক আছে।”
অস্ট্রেলিয়া দলে এমন দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছর করাচিতে টিম হোটেলের সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটার সময় বেখেয়ালে পুলের মধ্যে পড়ে যান কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারি।
একই বছর নিজের বাড়িতে একটি জন্মদিনের অনুষ্ঠানের সময় দৌড়াতে গিয়ে বাজেভাবে পড়ে পা ভেঙে যায় গ্লেন ম্যাক্সওয়েলের। যে কারণে ২০২২-২৩ মৌসুমের পুরো গ্রীষ্মে বাইরে থাকতে হয় তাকে।
রোববার স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।
