বেঙ্গালুরুর ফাইভ স্টার হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ইউরোপীয়র মৃত্যু
সন্ধ্যায় এক জার্মান ও এক স্লোভাক নাগরিক বিলাসবহুল ২৪ তলা হোটেলটির চতুর্থ তলার সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিলেন।
ভারতের বেঙ্গালুরু শহরের এক পাঁচ তারকা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ইউরোপীয়র মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর কনরাড হোটেলের এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মৃতদের জার্মানির ও স্লোভাকিয়ার নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা কনরাড হোটেলে অবস্থান করছিলেন।
এদের উদ্ধার করতে এসে আহত হন আরও দুইজন। তাদের মধ্যে একজন মার্কিন নাগরিক ও অপরজন সুইমিং পুলটির ভারতীয় তত্ত্বাবধায়ক। তাদের দুজনকেই মানিপাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনেই বিপদমুক্ত আছেন বলে জানা গেছে।
জার্মানির নাগরিকের নাম আলেকজান্ডার মাক্সিমিলিয়ান টাইস (৫৭) । তিনি লুফথানসা এয়ারলাইন্সের একজন ক্রু সদস্য ছিলেন।
স্লোভাকিয়ার নাগরিকের নাম ইউরাই হোরভাত (৪৫) । তিনি প্রযুক্তি কোম্পানি আইবিএমের একজন প্রজেক্ট ম্যানেজার ছিলেন।
মনিপাল হাসপাতাল জানিয়েছে, জার্মানির নাগরিককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। চিকিৎসকরা স্লোভাক নাগরিককে পুনরুজ্জীবিত করার চেষ্টাকালে তার মৃত্যু হয়।
আহত মার্কিন নাগরিকের নাম ম্যাথিউ ডিস্যান্টিস (৪১) । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই মার্কিন নাগরিক কারেন্টের প্রবাহের বিষয়টি আঁচ করতে পেরেছিলেন আর ভুক্তভোগীদের উদ্ধারে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন, তবে এখন তিনি স্থিতিশীল আছেন।
সুইমিং পুলের ভারতীয় তত্ত্বাবধায়ক রাহুল তিওয়ারি (২৮) অন্যদের উদ্ধার করতে গিয়ে আহত হন। তার অবস্থাও স্থিতিশীল রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ওই জার্মান ও স্লোভাক নাগরিক বিলাসবহুল ২৪ তলা হোটেলটির চতুর্থ তলার সুইমিং পুলে সাঁতার কাটতে যান।
এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করেছে। জার্মানির নাগরিক আলেকজান্ডারের স্ত্রী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছেন, ঘটনার শিকার দুইজন পুল থেকে উঠে আসার চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আর ডুবে যান।
সুইমিং পুলের যথাযথ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কনরাড হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই মৃত্যুগুলো ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি।
শনিবার সকালে হোটেলটি তাদের ওয়েবসাইটে এক ঘোষণায় জানিয়েছে, ‘রক্ষণাবেক্ষণ কাজের জন্য’ সুইমিং পুলটি ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
এক বিবৃতিতে কনরাড হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা এই ঘটনায় মর্মাহত এবং পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করছে।
কনরাড হিলটন গ্রুপের অন্তর্ভুক্ত একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল। এই হোটেলের একটি সাধারণ কক্ষে থাকার জন্য রাত প্রতি অন্তত ২৫ হাজার রুপি ব্যয় করতে হয়।
