৫ উইকেটে ফেরা রাঙিয়ে শামির দারুণ প্রাপ্তি
২০১৫ আসরের পর প্রথমবার বিশ্বকাপে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন মোহাম্মদ শামি।
দলে নিয়মিত হতে আর কী করতে হবে? প্রশ্নটা অনায়াসেই করতে পারেন মোহাম্মদ শামি। এই পেসারের প্রসঙ্গ ধরে নানাভাবে এমনিতেই এমন প্রশ্ন উচ্চারিত হচ্ছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে তার দুর্দান্ত বোলিংয়ের নিশ্চিতভাবেই আরও উচ্চকিত হবে।
৫ উইকেট নিয়ে ফেরার ম্যাচ রাঙিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শামি। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা দুই দলের লড়াইয়ে গড়ে দিয়েছেন ব্যবধান। তার দারুণ বোলিংয়ে জয়রথেই ছুটছে ভারত। অন্যদিকে গত দুই আসরের রানার্সআপ নিউ জিল্যান্ড পেয়েছে প্রথম হারের তেতো স্বাদ।
ধারামশালায় রোববার ৪ উইকেটে জিতেছে ভারত। নিউ জিল্যান্ডের ২৭৩ রান স্বাগতিকরা পেরিয়ে গেছে ১২ বল বাকি থাকতে। আসরে এটি তাদের টানা পঞ্চম জয়।
৫৪ রানে ৫ উইকেট নিয়ে এতে বিশ্বকাপে দ্বিতীয় এবং ওয়ানডেতে সপ্তমবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শামি। এর তিনটিই চলতি বছরে।
প্রিয় প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরা হলেন চতুর্থবার। ২০১৯ সালে জিতেছিলেন দুইবার করে, এই বছরও হয়ে গেল দুইবার।
ক্যারিয়ারে তৃতীয়বার ৫ উইকেট পেলেন শামি, বিশ্বকাপে দ্বিতীয়বার। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন প্রথমবার, সেই ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরিতে ম্যাচ সেরা হয়েছিলেন স্বাগতিকদের জনি বেয়ারস্টো।
ওয়ানডেতে এখন নিয়মিত খেলার সুযোগ মিলছে না শামির। অনিয়মিতভাবে যে সব সুযোগ পাচ্ছেন সেগুলো অবশ্য দুই হাতেই কাজে লাগাচ্ছেন ৩৩ বছর বয়সী এই পেসার। সবশেষ তিন ম্যাচে দুইবার পেয়েছেন ৫ উইকেট।
বিশ্বকাপের ঠিক আগের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে ৫১ রানে নিয়েছিলেন ৫ উইকেট। তবে ভারত অলরাউন্ডারদের বাড়তি গুরুত্ব দেওয়ায় সুযোগ মিলছে না শামির।
বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় ভারতের একাদশ সাজানোর ধরনে পরিবর্তন এসেছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে বাইরে রাখা হয় শার্দুল ঠাকুরকেও। দুই পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় দলে নেওয়া হয় একজন করে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বোলার।
ফেরার ম্যাচে প্রথম বলেই উইকেট নেন শামি। চমৎকার এক ডেলিভারিতে বোল্ড করে দেন উইল ইয়াংকে।
পরে বিদায় করেন দেড়শ ছাড়ানো জুটি উপহার দেওয়া রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলকে। এই জুটি অবশ্য ভাঙতে পারত শুরুতেই, যদি শামির বলে রাচিনের ক্যাচ নিতে পারতেন রবীন্দ্র জাদেজা।
রাচিন ও ড্যারিল মিচেলের উইকেটের মাঝে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে বোল্ড করেন শামি। আগে থেকেই বিশ্বকাপে তার রেকর্ড দারুণ। নিউ জিল্যান্ড ম্যাচের পর সেটা উজ্জ্বল হলো আরও। তিন আসর মিলিয়ে ১২ ম্যাচে ১৫.০২ গড় ও ১৭.৬ স্ট্রাইক রেটে তার উইকেট হলো ৩৬টি!
