চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রেখে পাকিস্তানকে হারানোর আশায় সাকিবরা
বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর এখন বাংলাদেশ দলের নতুন লক্ষ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করা।
পাকিস্তান দলের অনুশীলন শুরুর আগে ইডেন গার্ডেন্সের সামনে শত শত মানুষ। প্রায় সবাই পাকিস্তানের সমর্থক। টিম বাস আসতেই তুমুল করতালি। ক্রিকেটারদের এক নজর দেখার সে কী আগ্রহ সবার! অনুশীলন শেষে তো উত্তেজনা আরও বেশি। আরও বেশি সমর্থক, আরও উঁচুতে গর্জন, ক্রিকেটারদের দেখার মরিয়া প্রচেষ্টা। টিম বাস একটু থামিয়ে পাকিস্তানের ক্রিকেটাররাও হাত নেড়ে অভিনন্দনের জবাব দিলেন। লড়াইয়ের আগের দিনই মনোবল চাঙা করার রসদ তারা পেয়ে গেলেন।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমনটি দেখা গিয়েছিল। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ইডেনের গ্যালারিতে পাকিস্তানের সমর্থনে ছিল জোয়ার। কলকাতায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষের বসবাস, বড় একটি সম্প্রদায় আছে, যাদের শেকড় পাকিস্তানে। এবারও নিশ্চয়ই গ্যালারিতে তাদের সংখ্যা থাকবে অনেক। তবে বাংলাদেশি দর্শকও কম থাকবে না। নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচের মতো এই ম্যাচেও হাজার হাজার বাংলাদেশি সমর্থক থাকবেন নিশ্চিত। তাই ধারণা করা যায়, গ্যালারির লড়াই জমবে ভালো। কিন্তু মাঠের লড়াই জমবে তো?
এমনিতে মাঠের ক্রিকেটে দুই দলের অবস্থাই কাছাকাছি। পাকিস্তান হেরেছে টানা চার ম্যাচ, বাংলাদেশ টানা পাঁচটি। অস্তিত্বের সঙ্কটে থাকা এই দুই দল মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তারপরও অনেকটা এগিয়ে রাখা যায় পাকিস্তানকে। দুই দলের সবশেষ লড়াইয়ের ফল ও শক্তি-সামর্থ্যের ব্যাপার তো আছেই। বাবর আজমের দল এগিয়ে থাকছে এই বিশ্বকাপে সবশেষ ম্যাচের প্রেক্ষাপটেও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রায় জিতেই গিয়েছিল পাকিস্তান। শেষ মুহূর্তের নাটকীয়তায় তারা হেরে গিয়েছে বটে, তবে আত্মবিশ্বাসের উপকরণ পেয়ে গেছে। কিন্তু বাংলাদেশ যদি শেষ ম্যাচে ফিরে তাকায়, তাহলে পাকিস্তানের সঙ্গে মাঠে নামার আগেই হেরে বসে থাকতে পারে। নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটিকে বলা যায় দুঃস্বপ্ন বা বিভীষিকা। যত দ্রুত ভুলে যাওয়া যায়, ততই মঙ্গল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে দেখে অবশ্য মনে হলো, তিনি ভুলতে পেরেছেন। কিংবা ভুলে যাওয়ার চেষ্টা অন্তত করছেন। ডাচদের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকিবকেও মনে হচ্ছিল একদম হতাশ। কিন্তু সোমবার সংবাদ সম্মেলনে তাকে বেশ উৎফুল্ল ও চনমনে মনে হলো।
নেদারল্যান্ডসের কাছে অপদস্থ হওয়ার পরদিন বিসিবি সভাপতি নাজমুল হাসান কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। রাতে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনে নৈশভোজে চেষ্টা করা হয়েছে সবাই যেন একটু ফুরফুরে থাকে। সেখানেও ক্রিকেটারদের চাঙা করার চেষ্টা করেছেন বোর্ড সভাপতি ও বোর্ড পরিচালকরা। এছাড়া ক্রিকেটারদের নিজেদের মধ্যেও আলোচনা হয়েছে দফায় দফায়।
কিছু একটা করার তাগিদ যে দলের ভেতর আছে, মাঠের ক্রিকেটেই সেই প্রমাণ রাখতে চান বাংলাদেশ অধিনায়ক।
“স্বাভাবিকভাবে সেদিন (ডাচদের কাছে হারার পর) তো সবাই অনেক খারাপ অনুভব করেছে। কিন্তু আসলে খারাপ ফিল করতে থাকলে তো চলবে না। সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। সবাই সেটা করার চেষ্টা করেছে। আমরা একসঙ্গে বসে আলাপ করেছি, ব্যক্তিগতভাবে আলাপ করেছি। যেভাবে করা সম্ভব, যেটা করলে আমাদের মনে হয়েছে হয়তো ভালো কিছু হতে পারে। সেগুলো আমরা করার চেষ্টা করেছি।”
“আমরা অনেক আলোচনা করেছি, টিম মিটিং হয়েছে, একসঙ্গে বসেছি, কথা বলেছি যে কীভাবে আমরা এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারি। তবে এটা আমাদের কাজে দেখাতে হবে। কাজে না লাগলে কথা সস্তা হয়ে যায়। আমরা তাই মাঠেই করে দেখাতে চাই যেন সবাই তা দেখতে পারে।”
ঘুরে দাঁড়ানোর জন্য নতুন প্রেরণার উৎসও বাংলাদেশ দল পেয়ে গেছে। নেদারল্যান্ডসের সঙ্গে হারের পরই সাকিব বলেছিলেন, অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে চান। স্বাগতিক পাকিস্তান ও এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলে অন্য শীর্ষ সাত দল খেলবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেমি-ফাইনাল স্বপ্ন ভেস্তে যাওয়ার পর এখন তলানির এই লড়াইয়েই তাকিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে থাকতে হবে!
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন সেই লক্ষ্যের কথা আরও একবার তুলে ধরলেন সাকিব। পয়েন্ট টেবিলেও আরেকটু ওপরে থেকে আসর শেষ করতে চান তিনি।
“এখনও অনেক কিছু করার বাকি। আমাদের জিততে হবে যেন আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করতে পারি। এই মুহূর্তে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, যে লক্ষ্য নিয়ে আমরা পরবর্তী ম্যাচগুলো খেলতে পারি। এজন্য আমাদের জিততেই হবে, আর কোনো বিকল্প নেই।”
“অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্র্রফি একটা লক্ষ্য। কিন্তু কত উপরে শেষ করা যায়, সেটাও তো একটা লক্ষ্য। আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, সেভাবে করতে পারিনি। কিন্তু এখান থেকেও যদি আমরা ভালোভাবে খেলতে পারি, ভালো ফল নিয়ে আসতে পারি, তাহলেও হয়তো স্বস্তি নিয়ে ফিরতে পারব। তখন আমরা খুঁজতে পারব, কী কী করলে আরও হয়তো ভালো হতো। সে জায়গা থেকে তিনটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, কালকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। সেটাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।”
সেই লক্ষ্য পূরণে মূল দুর্ভাবনার জায়গা এখনও ব্যাটিং। পাকিস্তানের বোলিং অবশ্য সেরা ছন্দে নেই এবারের বিশ্বকাপে। যথেষ্ট সুইং মিলছে না বলে শাহিন শাহ আফ্রিদির সেই চেনা ধার দেখা যাচ্ছে না। হারিস রউফ তো ম্যাচের পর ম্যাচ তুলাধুনা হচ্ছেন। হাসান আলি, মোহাম্মদ ওয়াসিমও বিবর্ণ। কিন্তু প্রতিপক্ষ যখন আত্মবিশ্বাসহীন বাংলাদেশের ব্যাটিং, তখন এই পেসাররাও হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। প্রথম স্পেলে যদি আফ্রিদি গুঁড়িয়ে দেন বাংলাদেশের টপ অর্ডার, রউফের গতিতে যদি নড়বড়ে যায় যায় মিডর অর্ডার, খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে একটি জয় তো বটেই, এমনকি আরও দুটি জয়ও যথেষ্ট নাও হতে পারে। সমীকরণ এখনও অনেক বাকি। সাকিবদের সামনে তাই এখনও পাহাড় সমান চ্যালেঞ্জ।
পাকিস্তানের অন্তত সেই ঝামেলা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা এমনিতেই খেলবে স্বাগতিক হিসেবে। এই বিশ্বকাপের সমীকরণেও এখনও তারা টিকে আছে। বাকি তিনটি ম্যাচ যদি তারা জিততে পারে এবং অন্য দলের ফল পক্ষে আসে, সেমি-ফাইনালের দুয়ার খুলে যেতে পারে তাদের জন্যও। কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন সংবাদ সম্মেলনে বললেন, সেই আশাতেই এখন আছে গোটা দল।
“আমরা এমন অবস্থানে আছি এখন, যেখানে থাকতে চাইনি। আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে, টুর্নামেন্টের এই পর্যায়ে আসতে আসতে যেন ভাগ্য নিজেদের হাতেই থাকে। কিন্তু তা নেই। দলকে তা পোড়াচ্ছে। এখন আমরা যা করতে পারি, আমাদের নিয়ন্ত্রণে যতটুকু আছে, বাকি তিন ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত হওয়া এবং ভাগ্যের হাত ধরে যদি আমরা সেমি-ফাইনালের আশা জিইয়ে রাখতে পারি।”
“আমরা চেয়েছিলাম যেন নিয়ন্ত্রণ আমাদের কাছেই থাকে। তা হয়নি। এটা সত্যিই দলকে কষ্ট দিচ্ছে এবং এজন্য সবাই অনেক হতাশ। তবে দলটা খুবই একতাবদ্ধ এবং সন্তুষ্টি নিয়ে আমরা এটা বলতে পারি যে, কালকে আরেকটি সুযোগের জন্য আমরা মুখিয়ে আছি।”
পাকিস্তানের জন্য প্রেরণা হতে পারে এই মাঠে তাদের ইতিহাস। এখানে ৬টি ওয়ানডে খেলে ৫টিই জিতেছে তারা। ভারতের বিপক্ষে ৪টি খেলে ৪টিই জিতেছে। যদিও সবশেষ ১০ বছরে এখানে তারা ওয়ানডে খেলেনি, এখনকার বাস্তবতাও ভিন্ন। তবে ইতিহাস থেকে বিশ্বাস তো মিলতেই পারে।
পাকিস্তানের ক্রিকেটেও অবশ্য বিতর্কের শেষ নেই। অধিনায়ক বাবর আজমের বাজে ফর্ম নিয়ে চর্চা তো চলছেই। তার নেতৃত্বও কাঠগড়ায় উঠছে নিয়মিত। তুমুল সমালোচনা চলছে। দলে অন্তর্কলহের খবর ছড়াচ্ছে। বোর্ডপ্রধান স্বয়ং ফাঁস করে দিয়েছেন অধিনায়ক বাবরের সঙ্গে কথোপকথনের বার্তা। সোমবার যখন ইডেনে অনুশীলন করছে দল, তখন জানা গেছে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের পদত্যাগের খবর।
তবে মাঠের বাইরের বিতর্ক প্রবল হলে আচমকাই যে পাকিস্তান মাঠের ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে ওঠে, সেই প্রমাণ তো অনেকবারই মিলেছে!
এখানে অবশ্য কিছুটা মিল আছে বাংলাদেশেরও। যখনই দেয়ালে পিঠ ঠেকে যায় বা দলকে নিয়ে প্রত্যাশা থাকে তলানিতে, তখনই দারুণ কোনো জয়ে তারা নিজেদের রাঙায়।
ক্রিকেটীয় সমীকরণে যখন কোনো আশার আলো নেই, তখন এই ধরনের ফাটকার আশা ছাড়া তো উপায় নেই!
