২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শ্রীরামকে বিশ্বকাপের পরেও চান সাকিব

সাকিবের মতে, অল্প সময়ে খুব ভালো কাজ করেছেন শ্রীধরন শ্রীরাম।

শ্রীরামকে বিশ্বকাপের পরেও চান সাকিব

শ্রীধরন শ্রীরামের সঙ্গে সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 02:57 PM

Updated : 01 Nov 2022, 03:00 PM

চলতি বিশ্বকাপের পর শ্রীধরন শ্রীরামের সঙ্গে শেষ হবে বিসিবির চুক্তি। এরপরও বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন কি না তিনি, এখনও জানা যায়নি। তবে অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়া, আরও লম্বা সময় দলের সঙ্গে থাকুক সাবেক এই ভারতীয় অলরাউন্ডার। 

অগাস্টে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় শ্রীরামকে। হেড কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গো থাকায় তাকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয় বিসিবি। সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হলে চুক্তি অনুযায়ী শ্রীরামকে আর কেবল দুই ম্যাচ পাবে বাংলাদেশ। 

এর প্রথমটি ভারতের বিপক্ষে, বুধবার অ্যাডিলেইডে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শ্রীরামের প্রশংসা করেছেন সাকিব। শ্রীরামের কোচিংয়ে আড়াই মাসে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সাকিবের মতে, এই অল্প সময়ে বেশ ভালো কাজ করেছেন টেকনিক্যাল কনসালটেন্ট। 

“আমি মনে করি তিনি ভালো করেছেন। উনি আসার পর কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছেন, যেগুলো নিয়ে কাজ করতে চান। ছেলেদের সঙ্গে ভালো আছেন তিনি। তিনি যেভাবে কথা বলেন ছেলেরা সেটি পছন্দ করে।” 

“তার কোচিংয়ে আমরা সম্ভবত ৫-৬টি (আসলে ১১) ম্যাচ খেলেছি। এই অল্প সময়ে আমি মনে করি, এই তরুণ দলের জন্য তিনি খুব ভালো করেছেন। আমি আশা করি, তিনি বাংলাদেশের সঙ্গে আরও কাজ করবেন।” 

শ্রীরাম দায়িত্ব নেওয়ার পর পাওয়ার প্লেতে বাংলাদেশের ব্যাটিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। উদ্বোধনী জুটি নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষার পরেও বেশিরভাগ ম্যাচে প্রথম ৬ ওভারে ৪০ এর বেশি রান করেছে বাংলাদেশ। বোলিং-ফিল্ডিংয়েও আগের চেয়ে নিখুঁত দেখা যাচ্ছে দলকে। 

এই সময়ে বাংলাদেশ জিতেছে চার ম্যাচে। ফলের দিকে নজর না দিয়ে প্রক্রিয়া ঠিক রাখার কথা বেশ কয়েকবার বলেছেন শ্রীরাম। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী কার্যকর অবদান রাখার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি। 

শ্রীরামের মতো পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গেও চলতি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিবির। বিশ্বকাপ শেষে এই দুজনের সঙ্গে বিসিবি নতুন চুক্তি করবে কি না, আর এই দুই জনও থাকতে চান কি না কৌতুহল নিয়েই সে দিকে তাকিয়ে অনেকে।