‘৫ ওভারে ৫২ রান করা উচিত ছিল’
সাকিব আল হাসানের মতে, মাঝে ২-৩ ওভারে তালগোল পাকিয়ে ফেলেছিল তারা।
২০ ওভারে ১৮৫ নাকি ১৬ ওভারে ১৫১? কোনটি বেছে নেবেন, জিজ্ঞেস করা হলে সাকিব আল হাসান বলেন, দুটি পরিস্থিতিই ছিল তার দলের পক্ষে। লিটন দাসের ব্যাটে উড়ন্ত সূচনার পর নতুন সমীকরণেও তাদের জেতা উচিত ছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
অ্যাডিলেইডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ। লোকেশ রাহুল ও বিরাট কোহলির ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত। জবাবে একের পর এক দৃষ্টিনন্দন শট খেলে পাওয়ার প্লের মধ্যেই পঞ্চাশ ছুঁয়ে ফেলেন লিটন।
পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬০ রান তোলে বাংলাদেশ। এক ওভার পর বৃষ্টি নামার সময় দলের সংগ্রহ ছিল ৬৬ রান।
প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রানে। বাকি ৯ ওভারে পুরো ১০ উইকেট হাতে রেখে করতে হতো ৮৫ রান।
এই সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। পুনরায় খেলা শুরুর পর দ্বিতীয় বলেই রান আউট হন ২৭ বলে ৬০ রান করা লিটন। এরপর নাজমুল হোসেন শান্ত ফিরে যান ২৫ বলে ২১ রান করে। তবু সাকিব আল হাসান ও আফিফ হোসেনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ।
এক পর্যায়ে বাকি ছিল ৫ ওভারে ৫২ রান। কিন্তু, ইনিংসের ১২ ও ১৩তম ওভারে দুইটি করে উইকেট নিয়ে বাংলাদেশকে কোণঠাসা করে দেন আর্শদিপ সিং ও হার্দিক পান্ডিয়া। স্রেফ ৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। শেষ দিকে তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান মারমুখী ব্যাটিংয়ে চেষ্টা করলেও শেষ বলে ৬ রানের সমীকরণ মেলাতে পারেননি।
আরও একবার খুব কাছে গিয়ে হারের হতাশা সঙ্গী হওয়ার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতার কথা।
“৫ ওভারে ৫২ রান, হাতে ৮ উইকেট; এরকম কন্ডিশনে আমাদের এটি করে ফেলা উচিত ছিল। আমাদের যেমন ব্যাটিং লাইনআপ ছিল, আমি বিশ্বাস করছিলাম যে আমরা ওই রান তাড়া করতে সামর্থ্যবান ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে হয়নি।”
দুই ওভারে ৪ উইকেট হারানোর ব্যাপারে সাকিবের অভিমত, একটু বেশিই তেড়েফুঁড়ে খেলতে গিয়েছিল তার দল। যে কারণে সেখানেই ম্যাচের পাল্লা ঝুঁকে যায় ভারতের দিকে।
“হয়তো আমরা কিছুটা প্যানিক করেছিলাম। মাঝের ২-৩ ওভারে হয়তো আমরা বেশি শট খেলতে চেষ্টা করেছিলাম। ওই ২-৩ ওভারেই আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি। খুব বড় মুহূর্ত ছিল। ওই জিনিসটা আমাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল ম্যাচে ফেরার ক্ষেত্রে।”
বৃষ্টি থামার পর ৯ ওভারে ৮৫ রানের সমীকরণ দেখেও বিচলিত হয়নি বাংলাদেশ, বললেন সাকিব। সে পর্যায়ে নিজ দলকে জয়ের ব্যাপারে এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত হারলেও দলের চেষ্টা দেখে খুশি সাকিব।
“যে অবস্থায় ছিলাম, কোনো রান আসলে খুব কঠিন ছিল না। আপনি দেখেন ৭ ওভার শেষে বিনা উইকেটে ৭০-র কাছাকাছি রান। এরকম একটা স্কোর প্রতিদিন আপনি চাইবেন এবং তাতে নিজের দলকে জেতার ব্যাপারে এগিয়ে রাখবেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি। তবে আমি খুবই খুশি এবং গর্বিত সবাই যেভাবে মাঠে চেষ্টা করেছে।”
শেষ দিকে তাসকিন ও সোহানের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ৩.১ ওভারে আসে ৩৭ রান। তাতে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের মনে নতুন করে আশা জেগেছিল।
শেষ দিকে সোহান ও তাসকিনের ব্যাটিংয়ের পাশাপাশি এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক জিনিস নেওয়ার আছে, বললেন বাংলাদেশ অধিনায়ক।
“সোহান ও তাসকিন খুবই ভালো ব্যাটিং করেছে, আমাদের খেলায় ফিরিয়ে এনেছে। আসলে টি-টোয়েন্টি ম্যাচগুলোই এমন। প্রতি ওভার, প্রতি বল, আসলে এমন ছোট ছোট সময়ে মোমেন্টাম পরিবর্তন হতে থাকে। একবার ওদের দিকে যাচ্ছিল, একবার আমাদের দিকে আসছিল।
“শেষ দুই ওভারে যদি আপনি দেখেন অনেক দলই আছে দুই ওভারে ৩০ করে ফেলে। এটা এমন কঠিন কিছু না এই কন্ডিশনে, যেটা বারবার আমি বলছি। আমরা করতে পারিনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমার কাছে মনে হয়, এই খেলা থেকে আসলে আমরা অনেকি ইতিবাচক জিনিস নিতে পারি।”
