মাদুশাঙ্কার আগুনে পুড়ে ছাই পাকিস্তান
স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
ম্যাচের শুরুতে দলকে সাফল্য এনে দিলেন দিলশান মাদুশাঙ্কা। প্রতিপক্ষের মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারেও আঘাত হানলেন এই পেসার। তার ছোবলে মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং। ছোট লক্ষ্য তাড়ায় অনায়াস জয় তুলে নিল শ্রীলঙ্কা।
লাহোরে মঙ্গলবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের ১১০ রান গুটিয়ে ১৮.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলেছে তারা। তাতে ১০০ ওভারের ম্যাচ শেষ হয়ে গেছে স্রেফ ৪১.৪ ওভারে।
এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের দুটি জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী ম্যাচেও তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
লঙ্কানদের এদিন জয়ের মঞ্চ গড়ে দেন মাদুশাঙ্কা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্রেফ ৩৪ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। ওয়ানডেতে এর আগে একবারই পাঁচ উইকেট পেয়েছিলেন এই ক্রিকেটার, ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৮০ রান দিয়ে পাঁচ উইকেট।
রান তাড়ায় দুটি ছক্কা ও আটটি চারে ৬২ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস।
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ ওভারে ফাখার জামানকে ফিরিয়ে দেন মাদুশাঙ্কা। তার বেঁধে দেওয়া সুরে তাল মেলান আসিথা ফার্নান্দো। মাজ সাদাকাতকে এলবিডব্লিউ করে দেন এই পেসার।
পাওয়ার প্লেতে সাদ বেগকে ফেরান মাদুশাঙ্কা। পরপর দুই ওভারে সালমান আলি আগা ও বাবর আজমকে বিদায় করেন সাহান আরাচিগে ও ইশান মালিঙ্গা।
নিজের পরপর তিন ওভারে আরাফাত মিনহাস, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ উইকেট পূর্ণ করেন মাদুশাঙ্কা।
বালির বাঁধের মতো ভেঙে পড়া পাকিস্তানের ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেন চারজন। পাঁচটি চারে সর্বোচ্চ ২৯ রান আসে বাবরের ব্যাট থেকে।
লক্ষ্য তাড়ায় দ্রুত রান বাড়ান কামিন্দু মেন্ডিস ও আভিশকা ফার্নান্দো। সপ্তম ওভারে তাদের ৫০ রানের উদ্বোধনী জুটি ভাঙে আভিশকার বিদায়ে।
এক ওভার পর দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হন কুসাল মেন্ডিস। মিনহাসের বল সামনে খেলেন লঙ্কান অধিনায়ক। সামনেই চলে যাচ্ছিল বল। কিন্তু শটের ফলো থ্রুতে ব্যাটের উল্টো পাশে লেগে বল পেছনে এসে আঘাত করে স্টাম্পে। অদ্ভুতভাবে আউট হয়ে হাসতে হাসতে মাঠ ছাড়েন মেন্ডিস।
এরপর আর দলকে বিপদে পড়তে দেননি কামিন্দু ও পাভান রাত্নায়েকে। তাদের অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় শ্রীলঙ্কা।
দুটি চারে ২৩ রান করে তার সঙ্গে অপরাজিত থাকেন পাভান।
প্রথম তিন ম্যাচ হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়া ইংল্যান্ডের বিপক্ষে আগামী বৃহস্পতিবার খেলবে শ্রীলঙ্কা।
পাকিস্তানের বিপক্ষে তাদের ফাইনাল আগামী শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২৫.৩ ওভারে ১১০ (ফাখার ৫, মাজ ৮, বাবর ২৯, সাদ ৫, সালমান ৯, নাওয়াজ ১৭, শাদাব ২, মিনহাস ১০, আফ্রিদি ১৫, রউফ ১, নাসিম ২*; আসিথা ৬-০-৩৪-১, মাদুশাঙ্কা ৮.৩-১-৩৪-৫, আরাচিগে ৫-০-২৪-২, মালিঙ্গা ৪-১-৮-১, ওয়েলালাগে ২-০-৪-১)
শ্রীলঙ্কা: ১৮.১ ওভারে ১১৪/২ (কামিন্দু ৬২*, আভিশকা ১৬, মেন্ডিস ৮, পাভান ২৩*; আফ্রিদি ৬-০-২৯-১, নাসিম ৪-০-২৯-০, রউফ ৩-০-২৭-০, মিনহাস ৫-০-২৫-১, মাজ ০.১-০-৪-০)
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: দিলশান মাদুশাঙ্কা
