২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে নায়ক আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেলেন পাকিস্তানের এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 02:45 PM

Updated : 06 Nov 2022, 02:52 PM

বাঁচা-মরার লড়াই, পা হড়কালেই শেষ হয়ে যাবে বিশ্বকাপে পথচলা। দলের এমন কঠিন সমীকরণের ম্যাচে জ্বলে উঠলেন শাহিন শাহ আফ্রিদি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয়ে রাখলেন সবচেয়ে বড় অবদান।

অ্যাডিলেইডে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রতিপক্ষকে ১২৭ রান থামিয়ে ১১ বল আগে জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা।

এই জয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। ম্যাচের প্রথম ভাগে দুর্দান্ত বোলিংয়ে ভিত গড়ে দেওয়া আফ্রিদি নিঃসন্দেহে তাদের জয়ের মূল কারিগর।

৪ ওভারে স্রেফ ২২ রান দিয়ে ৪ উইকেট নেন আফ্রিদি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাঁহাতি এই পেসারের আগের সেরা ছিল ১৪ রানে ৩ উইকেট। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচের ক্যারিয়ারে চতুর্থবার ম্যান অব দা ম্যাচ হলেন আফ্রিদি। যার দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে। গত আসরে ভারতের বিপক্ষে স্মরণীয় জয়ে ৩ উইকেট নিয়ে জিতেছিলেন তিনি এই স্বীকৃতি।

বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন আফ্রিদি। নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় ওভারে ফিরিয়ে দেন তিনি ভারতের বিপক্ষে ৬০ রান করা লিটন দাসকে। তার শর্ট বল স্ল্যাশ করে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন বাংলাদেশ ওপেনার।

২ ওভারে ১৪ রানে ওই একটি উইকেট নিয়ে প্রথম স্পেল শেষ করেন আফ্রিদি।

পরে আক্রমণে ফেরেন তিনি সপ্তদশ ওভারে। ওভারে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলে দেন এই পেসার। তার দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন মোসাদ্দেক হোসেন। দুই বল পর ক্যাচ তুলে দেন নুরুল হাসান সোহান।

১৯তম ওভারে নিজের কোটার শেষ ওভারে প্রথম বলেই শিকার ধরেন আফ্রিদি। ফুল লেংথ বলে মিড-অফে ক্যাচ দিয়ে বিদায় নেন তাসকিন আহমেদ।

হাঁটুর চোট কাটিয়ে লম্বা সময় পর এই বিশ্বকাপ দিয়েই মাঠে ফেরেন আফ্রিদি। শুরুতে তার বোলিংয়ে ছিল না ছন্দ। প্রথম দুই ম্যাচে বেশ খরুচেও ছিলেন তিনি। তৃতীয় ম্যাচ থেকে চেনা রূপে ফিরতে শুরু করেন আফ্রিদি।

নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ১৯ দিয়ে এক উইকেট নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ রান খরচায় নেন ৩ উইকট। আর এবার তো দলের সেরা পারফরমার তিনি। সেমি-ফাইনালের আগে আফ্রিদির এমন পারফরম্যান্স পাকিস্তানের জন্য দারুণ কিছু।

অল্প পুঁজি নিয়েও পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। শেষ পর্যন্ত যদিও পেরে ওঠেনি তারা। সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল।