Published : 08 Nov 2022, 09:17 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ড প্রথম দুই ম্যাচই খেলে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। দুটিতেই পায় বড় জয়। এই মাঠেই এখন তারা সেমি-ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে। তবে আগে দুইবার খেলায় এবার এখানে বাড়তি সুবিধা পাবেন বলে মনে করেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
সুপার টুয়েলভ পর্বে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ রানের পুঁজি গড়ে ৮৯ রানের জয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে নিউ জিল্যান্ড। ওই ম্যাচে ৫৮ বলে অপরাজিত ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার ডেভন কনওয়ে।
একই মাঠে নিউ জিল্যান্ডের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বরে নেমে ৬৪ বলে ১০৪ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন গ্লেন ফিলিপস। লঙ্কানদের ১০২ রানে গুটিয়ে দিয়ে ৬৫ রানের জয় পায় গত আসরের রানার্সআপরা।
আসরে পাকিস্তান সিডনিতে ম্যাচ খেলেছে একটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ১৮৫ রানের পুঁজি গড়ে ৩৩ রানে জেতে বাবর আজমের দল।
বাংলাদেশ সময় বুধবার দুপুর দুইটায় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও পাকিস্তান।
আগের দিন উইলিয়ামসনের সংবাদ সম্মেলনে উঠল প্রসঙ্গটি, আবার সিডনিতে ফেরায় তিনি সুবিধা দেখছেন কি-না। কিউই অধিনায়ক বললেন, আগের দুই ম্যাচে উইকেট ছিল দুইরকম।
“বিষয়টা বেশ মজার। এখানে আমরা প্রথম যে ম্যাচটি খেলেছিলাম, উইকেট খুব ভালো ছিল। তারপর দ্বিতীয়বার যখন খেললাম, উইকেট বদলে গিয়েছিল। কখনও কখনও মনে হতে পারে উইকেট হয়তো প্রথম ম্যাচের মতো হবে, একইরকম আচরণ করবে, যা আসলে হয়নি।”
"এটা অসুবিধা নাকি সুবিধা, বোঝা কঠিন। দুই দলই এখানে খেলেছে। তাই আমাদের খেলায় মনোযোগ দিতে হবে, পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি। স্মাট ক্রিকেট খেলতে হবে।”
নিউ জিল্যান্ডের সেমি-ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বোলাররা। ধারাবাহিকভাবে ভালো বোলিং করেছেন তারা। দলটির পাঁচ বোলারের মধ্যে তিন জন ওভারপ্রতি রান দিয়েছেন সাত এর কম- পেসার টিম সাউদি (৬.৩৫), বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার (৬.৪৩) ও লেগ স্পিনার ইশ সোধি (৬.৭৮)।
কিছুটা খরুচে কেবল দুই পেসার লকি ফার্গুসন (৮.১৩) ও ট্রেন্ট বোল্ট (৭.১৮)। তবে গুরুত্বপূর্ণ সময় উইকেট নিয়ে তারাও রেখেছেন অবদান।
উইলিয়ামসন তাই প্রশংসায় ভাসালেন বোলারদের।
“তারা আমাদের অভিজ্ঞ খেলোয়াড়। দীর্ঘদিন ধরে তারা আমাদের হয়ে খেলছে, উইকেট নেওয়া কিংবা বিশেষ করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা কার্যকর।”
“এই টুর্নামেন্ট জুড়ে তারা অসাধারণ বোলিং করেছে। আগামীকাল আমরা আরেকটি ভেন্যুতে ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে খেলব। সেই সমন্বয়গুলি আমাদের আবার করতে হবে।”