দ্যুতিময় ইনিংসে জয়ের নায়ক উইলিয়ামসন
মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক।
টুকটাক রান ঠিকই পাচ্ছিলেন, কিন্তু প্রশ্নের মুখে পড়েছিল কেন উইলিয়ামসনের স্ট্রাইক রেট। টি-টোয়েন্টির সঙ্গে বেমানান ব্যাটিংয়ে মাঝে দলে তার জায়গা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। সেসব পেছনে ফেলে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ালেন নিউ জিল্যান্ড অধিনায়ক। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়ে পেলেন ম্যাচ সেরার পুরস্কার।
অ্যাডিলেইডে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের জয় পেয়েছে নিউ জিল্যান্ড। সেমি-ফাইনালে টিকেট পেতে এ জয় খুবই গুরুত্বপূর্ণ কিউইদের জন্য।
আগে ব্যাট করে উইলিয়ামসনের দৃঢ়তায় ১৮৫ রানের সংগ্রহ গড়ে নিউ জিল্যান্ড। ক্যারিয়ারের ১৬তম ফিফটিতে তিনি খেলেন ৩৫ বলে ৬১ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরুর পর শ্রীলঙ্কাকে হারায় নিউ জিল্যান্ড। ওই দুই ম্যাচে উইলিয়ামসন করেন ২৩ বলে ২৩ ও ১৩ বলে ৮ রান। দল জেতায় কিছুটা আড়ালে পড়ে যায় তার ধীর ব্যাটিং। তবে ইংল্যান্ডের বিপক্ষে তার হতাশাজনক ব্যাটিং সমালোচকদের চোখ এড়ায়নি। সেদিন ১৮০ রান তাড়া করতে নেমে ৪০ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। নিউ জিল্যান্ড ম্যাচটি হেরে যায় ২০ রানে।
তিন ম্যাচে স্রেফ ৯৩ স্ট্রাইক রেটে ৭১ রান করায় উইলিয়ামসনকে ‘নন পারফর্মিং ক্যাপ্টেন’ হিসেবে উল্লেখ করেন অনেকে। এবার সব সমালোচনাকে পেছনে ফেলে তিনি উপহার দিলেন ঝকঝকে ইনিংস। তার ৬১ রানের ইনিংসে আছে ৫ চারের সঙ্গে ৩টি ছক্কা।
ব্যাটিংয়ে নেমে শুরুতে খানিকটা সময় নেন উইলিয়ামসন। প্রথম ১৫ বলে তিনি করেন ১৫ রান। ফিওন হ্যান্ডের করা ১১তম ওভারের শেষ দুই বলে চার ও ছয় মেরে হাত খোলেন তিনি। জর্জ ডকরেলের করা ১৬তম ওভারে হাঁকান জোড়া বাউন্ডারি। ঝড় বইয়ে দেন ব্যারি ম্যাককার্থির করা ১৮তম ওভারে; শেষ তিন বলে দুই ছক্কার মাঝে একটি চার মারেন তিনি।
ওই ওভারে প্রথম ছক্কায় পূরণ হয় উইলিয়ামসনের ফিফটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তার তৃতীয় পঞ্চাশ। জশ লিটলের করা পরের ওভারে ফের বড় শটের চেষ্টায় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। ততক্ষণে ১৭৪ রানে পৌঁছে যায় তার দল।
পরে লিটল হ্যাটট্রিক করলেও ১৮৫ রানের পুঁজি নিয়ে সহজেই আইরিশদের আটকে রাখে নিউ জিল্যান্ড। বল হাতে লকি ফার্গুসন ৩ উইকেট নেন। তবে দারুণ ইনিংসের কারণে উইলিয়ামসনের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি পেলেন তিনি। এর আগে ২০১৬ সালের আসরে বাংলাদেশের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন উইলিয়ামসন।। ইয়ান বাটলার, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম ও মার্টিন গাপটিলের পর নিউ জিল্যান্ডের পঞ্চম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে দুইবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন তিনি।
