১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

৭৩ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রেহান

ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে ১৮ বছর বয়সী লেগ স্পিনারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2022, 06:20 PM

Updated : 16 Dec 2022, 07:26 PM

ইতিহাস গড়ার দুয়ারে রেহান আহমেদ। করাচিতে টেস্ট ক্যাপ পাচ্ছেন এই টিনএজার লেগ স্পিনার। এতে সাত দশকের বেশি পুরনো রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হয়ে যাবেন তিনি।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। আগের দিন একাদশ ঘোষণা করে দিয়েছে সফরকারীরা।

দ্বিতীয় টেস্টের একাদশ থেকে শেষ টেস্টে পরিবর্তন এসেছে দুটি। বিশ্রাম দেওয়া হয়েছে জেমস অ্যান্ডারসনকে। উইল জ্যাকসকে রাখা হয়েছে বাইরে। রেহানের সঙ্গে একাদশে ঢুকছেন কিপার-ব্যাটসম্যান বেন ফোকস।

এই সফরের জন্য শুরুতে ঘোষিত ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে ছিলেন না রেহান। তাকে নেট বোলার হিসেবে দলের সঙ্গে পাকিস্তানে নেওয়ার কথা ভেবে রেখেছিল ইংল্যান্ড। তবে সফরের আগে আবু ধাবিতে প্রস্তুতি ক্যাম্পের সময় তাকে মূল দলে যুক্ত করা হয়।

১৮ বছর ১২৬ দিন বয়সে টেস্ট ক্যাপ পাচ্ছেন রেহান। ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ পুরুষ টেস্ট ক্রিকেটার হয়ে তিনি ভেঙে দেবেন ব্রায়ান ক্লোসের ৭৩ বছরের রেকর্ড। ১৯৪৯ সালের জুলাইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্লোসের টেস্ট অভিষেক হয়েছিল ১৮ বছর ১৪৯ দিন বয়সে।

বিশ্ব রেকর্ডটা পাকিস্তানের হাসান রাজার। ১৯৯৬ সালে ফয়সালাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয় স্রেফ ১৪ বছর ২২৭ দিন বয়সে। ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটারও তিনি, ১৪ বছর ২৩৩ দিন।

তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই টেস্ট অভিষেক হয়ে যাচ্ছে রেহানের। গত মে মাসে তার প্রথম শ্রেণির অভিষেক কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু এর ম্যাচে। লেস্টারশায়ারের হয়ে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর বোলিংয়ে একমাত্র ইনিংসে তিনি উইকেটশূন্য থাকেন ৭৮ রান দিয়ে।

দ্বিতীয় ম্যাচে বল হাতে দুই ইনিংস মিলিয়ে তার প্রাপ্তি ছিল ৪ উইকেট। তবে চমক দেখান তিনি তৃতীয় ম্যাচে। গত সেপ্টেম্বরের ওই ম্যাচে ডার্বিশায়ারের বিপক্ষে ব্যাট হাতে করেন সেঞ্চুরি। বল হাতে একমাত্র ইনিংসে নেন ৫ উইকেট।

২০২১ সালের জুলাইয়ে রয়্যাল লন্ডন কাপ দিয়ে প্রথম স্বীকৃত ক্রিকেট খেলেন রেহান। এই বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের রানার্সআপ হওয়ার পথে নেন ১২ উইকেট। ইংল্যান্ডের দা হান্ড্রেড-এ এইবার তিনি খেলেন সাউদার্ন ব্রেভের হয়ে। এবার আন্তর্জাতিক ক্রিকেট রাঙানোর পালা।