১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

যেখানে কিরমানির পাশে কেবলই লাবুশেন

প্রায় ৫০ বছর পুরনো একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান।

যেখানে কিরমানির পাশে কেবলই লাবুশেন

মার্নাস লাবুশেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 05:45 PM

Updated : 12 Oct 2026, 05:45 PM

ডারবান টেস্টের দুই ইনিংসেই ভালো শুরু পান মার্নাস লাবুশেন। তবে একটিতেও বড় রান করতে পারেননি অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান। কাকতালীয়ভাবে, দুই ইনিংসেই সমান বল খেলেন তিনি এবং সমান রান করেন। টেস্টের সুদীর্ঘ ইতিহাসে এমন ঘটনা এর আগে দেখা গেছে কেবল একবার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৬ চারে ৫৮ বলে ৩৭ রান করেন লাবুশেন। ইনিংসের ২৬তম ওভারে শেষ বলে ভিয়ান মুল্ডারের বলে এলবিডব্লিউ হয়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান।

কিংসমিডে সোমবার ম্যাচের চতুর্থ দিনও ঠিক ৫৮ বলে ৩৭ রান করে বিদায় নেন লাবুশেন। দ্বিতীয় ইনিংসে চার মারেন চারটি। এবার কেশাভ মহারাজের বলে কাভারে টেম্বা বাভুমার হাতে ধরা পড়েন তিনি।

এক টেস্টের দুই ইনিংসে সমান বল খেলার এবং সমান রান করার ঘটনা এর আগে দেখা গেছে ১৯৭৭-৭৮ মৌসুমে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের দুই ইনিংসেই ৬২ বলে ২৯ রান করেন ভারতের সাইয়াদ কিরমানি।

টেস্টে সময়টা ভালো কাটছে না লাবুশেনের। এই সংস্করণে সবশেষ ফিফটি করেন তিনি বছর খানেক আগে। আর সেঞ্চুরির দেখা তো পাচ্ছেন না তিন বছর ধরে। তবু তার ওপর আস্থা দেখিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম টেস্টের এখন চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৯০ রান করা দলটি দ্বিতীয় ইনিংসেও দুইশ রান পেরিয়ে গেছে। এরই মধ্যে তিনশ ছাড়িয়েছে তাদের লিড।