সাদমানকে ছাড়াই লড়তে হবে বাংলাদেশকে
ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া ওপেনার ব্যাট করতে পারবেন না সিলেট টেস্টের প্রথম ইনিংসে।
স্কোরকার্ড বলছে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৮। তবে সেটাকে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় ৪ উইকেটে ৮৮। সাদমান ইসলামের উইকেট সেখানে ধরে রাখতেই হবে। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন না এই ওপেনার। শঙ্কা আছে আরও লম্বা সময়ের জন্য ছিটকে পড়ার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিন সকালে ফিল্ডিংয়ের সময় চোট পান সাদমান। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। পরে বাংলাদেশের ইনিংস শুরু করতে নামতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। পাঁচ ব্যাটসম্যান ক্রিজে গেলেও তিনি ছিলেন ড্রেসিং রুমেই।
দিনের খেলা শেষে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানালেন, আপাতত এই টেস্টের প্রথম ইনিংসে অন্তত দর্শক হয়েই থাকতে হবে সাদমানকে। চোট কতটা গুরুতর, তা আরও পরিষ্কার হবে শনিবার।
“সাদমান ইসলাম আজকে বাঁপায়ের গোড়ালিতে ব্যাথা পেয়েছে। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি ওর স্ক্যান করানো হয়েছে। মনে হচ্ছে, ওর একটা ইনজুরি আছে। আগামীকাল আমরা স্ক্যান রিপোর্ট পাব, এরপর বোঝা যাবে বিস্তারিত সবকিছু, কতদিন কেমন লাগতে পারে (ফিরতে)। এই মুহূর্তে বলা যায়, ও প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই।”
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনের অষ্টম ওভারে চার ঠেকানোর চেষ্টায় সীমানার কাছে স্লাইড করতে গিয়ে পা পিছলে যায় সাদমানের। বাজেভাবে মোচড় লেগে উল্টো হয়ে যায় তার বাম পা। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে ব্যাথায় কাতরাতে থাকেন তিনি। পরে স্ট্রেচারে করে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়।
সাদমানের বদলে ওপেন করতে নামেন অফ স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবার ওপেন করতে নেমে ৫ রানেই থামেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে ৩ উইকেটে ৮৮ রানে দিন শেষ করে বাংলাদেশ।
