১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কায় আরেকটি সেঞ্চুরিতে রেকর্ড ছুঁলেন জাওয়াদ

কয়েকদিন আগে ১০৬ বলে ১৩০ রানের ইনিংস খেলার পর এবার আরও একটি সেঞ্চুরি উপহার দিলেন বাংলাদেশ যুব দলের প্রতিভাবান ওপেনার।

শ্রীলঙ্কায় আরেকটি সেঞ্চুরিতে রেকর্ড ছুঁলেন জাওয়াদ
তিন ম্যাচের মধ্যে দুটি সেঞ্চুরি করলেন জাওয়াদ আবরার। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2025, 05:57 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

দিন পাঁচেক আগের বিধ্বংসী শতরানের রেশ মিলিয়ে যায়নি এখনও। জাওয়াদ আবরার এর মধ্যেই উপহার দিলেন আরেকটি সেঞ্চুরি। যুব ওয়ানডের একটি রেকর্ডেও নাম লেখা হয়ে গেল বাংলাদেশের প্রতিভাবান এই ওপেনারের। 

শ্রীলঙ্কার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে শনিবার সেঞ্চুরি করেন জাওয়াদ। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। 

যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ওপেনার তিনি।

ওপেন করতে নেমে দুটি করে সেঞ্চুরি করেছেন তার আগে অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসান। 

শ্রীলঙ্কায় চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেই ১৪ চার ও ৬ ছক্কায় ১০৬ বলে অপরাজিত ১৩০ রান করেছিলেন জাওয়াদ। পরের ম্যাচে ৩৫ বলে ৩৮ রান করে আউট হওয়ার পর এবার আরেকটি সেঞ্চুরি তিনি করলেন। 

যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে রেকর্ড ৫টি সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। চারটি করে শতরান আছে আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের, তিনটি এনামুল হকের। 

তিন ম্যাচের মধ্যে দুটি শতরানের পথে জাওয়াদ শনিবার ফিফটি স্পর্শ করেন ৪৫ বলে। সেখান থেকে তিন অঙ্ক ছুঁতে তার বল লাগে আর ৬০টি। ৯৫ রান থেকে দুলনিথ সিগেরার বলে ছক্কায় পৌঁছে যান তিনি সেঞ্চুরিতে। 

জাওয়াদের সেঞ্চুরি ছাড়াও চারে নেমে ৭৭ বলে ৮২ রান করেন রিজান হোসেন। তৃতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন দুজন। 

৫০ ওভারে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ৩৩৬ রান।

যুব ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর এটি। সর্বোচ্চ ৩৪০ ছিল শ্রীলঙ্কার বিপক্ষেই ২০১৯ সালে চট্টগ্রামে। 

ছায় ম্যাচের এই সিরিজে বাংলাদেশের যুবারা এগিয়ে আছে ২-১ ব্যবধানে।