১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আরেকটি হ্যাটট্রিকে অনন্য উচ্চতায় রশিদ খান

চলতি আইপিএলে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন গুজরাট টাইটান্সের আফগান লেগ স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 07:58 PM

Updated : 09 Apr 2023, 08:52 PM

প্রথম ৩ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য। সেই রশিদ খান কোটার শেষ ওভারে এসে প্রথম তিন বলে তুলে নিলেন ৩ উইকেট! টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি হ্যাটট্রিক করে তিনি ছাড়িয়ে গেলেন সবাইকে।

রশিদের সবশেষ হ্যাটট্রিকটি এসেছে রোববার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। চলতি আসরেরও প্রথম হ্যাটট্রিক এটি।

২০ ওভারের ক্রিকেটে প্রথম বোলার হিসেবে চারটি হ্যাটট্রিক করলেন রশিদ। তিনটি করে হ্যাটট্রিক আছে অ্যান্ডু টাই, মোহাম্মদ শামি, অমিত মিশ্র, আন্দ্রে রাসেল ও ইমরান তাহিরের।

পুরানো খবর:

শেষ ৫ বলে রিঙ্কুর ৫ ছক্কায় কলকাতার অবিশ্বাস্য জয়

রশিদের আগের তিন হ্যাটট্রিকের একটি আফগানিস্তান জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বিগ ব্যাশে আছে একটি করে।

রশিদের চার নম্বর হ্যাটট্রিকের শুরু কলকাতার ইনিংসের সপ্তদশ ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেলকে ফিরিয়ে। লেগ স্টাম্পের বাইরের বল ঠিকমতো খেলতে পারেননি ক্যারিবিয়ান তারকা। বল ধরে কট বিহান্ডের আবেদন করেন কিপার। আম্পায়ার সাড়া না দিলে গুজরাট নেয় রিভিউ। রিপ্লেতে দেখা যায়, বল রাসেলের ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে কিপারের গ্লাভসে গিয়েছিল, পাল্টায় সিদ্ধান্ত।

লেগ স্পিনারের পরের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন আরেক ক্যারিবিয়ান সুনিল নারাইন। তৃতীয় বলে শার্দুল ঠাকুরকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন রশিদ।

৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেট তিনটি নেন তিনি। তার হ্যাটট্রিকের উপলক্ষ যদিও জয়ে রাঙাতে পারেনি গুজরাট। শেষ ওভারে ২৯ রানের সমীকরণে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কায় কলকাতাকে অবিশ্বাস্য জয় এনে দেন রিঙ্কু সিং।