টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আমলার
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে হেরে যাওয়ার পর দেশটির অধিনায়ক হাশিম আমলা এই প্রত্যয়ের কথা জানিয়েছেন।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে যায় দক্ষিণ আফ্রিকা।
তিন ওয়ানডের সিরিজে প্রথম ম্যাচটি জিতলেও বাংলাদেশের সঙ্গে শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জেতে বাংলাদেশ।
নিষেধাজ্ঞার কারণে এবি ডি ভিলিয়ার্স না থাকায় দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেওয়া আমলা এভাবে সিরিজ হেরে যাওয়ায় হতাশ।
"টেস্ট ক্রিকেট ভিন্ন ধরনের খেলা। আমরা সংগঠিত হবো এবং টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াব।"
বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার সবচেয়ে বড় কারণ হিসেবে কন্ডিশনটাকে কাজে লাগাতে না পারাকেই দেখছেন আমলা।
"আমরা কন্ডিশনের ভুল বিচার করেছি। কিন্তু বাংলাদেশকে কৃতিত্ব দিচ্ছি। আমরা বিবর্ণ ছিলাম এবং ভালো ক্রিকেট খেলিনি।"
