২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকে রাবাদার ইতিহাস

হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে ওয়ানডে অভিষেক রাঙালেন কাগিসো রাবাদা। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে হ্যাটট্রিক করে দক্ষিণ আফ্রিকার এই পেসার নাম লিখিয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলামের পাশে। পরে আরও ৩ উইকেট নিয়ে গড়েছেন ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড!

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 07:01 PM

Updated : 12 Oct 2022, 03:59 PM

পুরনো খবর:

'এর চেয়ে ভালো খেলতে পারে বাংলাদেশ'
টস জিতে আগে ব্যাটিংকে দায়ী করতে রাজি নন মাশরাফি
মুশফিক সবচেয়ে বেশি পেশাদার: মাশরাফি
নিজেও চমকে গেছেন রাবাদা
আট ব্যাটসম্যান খেলানোর ব্যাখ্যা অধিনায়কের
বুঝতেই পারছিলেন না রাবাদা!
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বড় হার
মিরপুরে সাকিবের দুই হাজার

ওয়ানডেতে নিজের দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করেন রাবাদা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচের সেটি চতুর্থ ওভার। ওভারের চতুর্থ ডেলিভারিতে বোল্ড তামিম ইকবাল। পিচ করে বেরিয়ে যাওয়া ফুল লেংথ বলটি তামিম খেলেছিলেন ভুল লাইনে। স্টাম্পে থাকা পরের বল ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ফারহান বেহারডিনের হাতে ক্যাচ লিটন দাস। হ্যাটট্রিক পূর্ণ করেন রাবাদা মাহমুদউল্লাহর দলে ফেরাকে দুঃস্বপ্ন বানিয়ে। ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ মাহমুদউল্লাহ।

গত ১ ডিসেম্বর অভিষেক ওয়ানডেতে এই মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তাইজুল। টানা তিন বলে ফিরিয়েছিলেন টেন্ডাই চাতারা, জন নিয়ুম্বু ও টিনাশে পানিয়াঙ্গারাকে। ওয়ানডে ক্রিকেটে সব মিলিয়ে হ্যাটট্রিক এখন ৩৯টি। তবে অভিষেকে হ্যাটট্রিক আছে শুধু এই দুজনেরই।

রাবাদার আগে ওয়ানডেতে সবশেষ হ্যাটট্রিকটিও ছিল দক্ষিণ আফ্রিকার একজনের। গত বিশ্বকাপেই কোয়ার্টার-ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন জেপি দুমিনি। রাবাদা ও দুমিনি ছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে হ্যাটট্রিক আছে আর কেবল একজনেরই। শুক্রবার রাবাদার হ্যাটট্রিকের সময় তিনি ছিলেন দলের ড্রেসিং রুমেই! দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট! ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বারবাডোজে শেষ ওভারে হ্যাটট্রিক করে দক্ষিণ আফ্রিকাকে নাটকীয় জয় এনে দিয়েছিলেন ল্যাঙ্গেভেল্ট।

বাংলাদেশের বিপক্ষে এটি মাত্র দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারের প্রথম তিন বলেই উইকেট পেয়েছিলেন চামিন্ডা ভাস। পরে ওই ওভারে আরেকটি উইকেট নিয়ে গড়েছিলেন প্রথম ওভারেই ৪ উইকেট নেওয়ার অনন্য কীর্তি।

রাবাদা থামেননি হ্যাটট্রিক করেই। সৌম্য সরকারকে ফিরিয়ে প্রথম স্পেলেই নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় স্পেলে ফিরে আরও দুই উইকেট নিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড। ওয়ানডে অভিষেকে এর আগে ৬ উইকেট ছিল কেবল একজনেরই। ২০০৩ সালে পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস। তবে এডওয়ার্ডস রান দিয়েছিলেন ২২। রাবাদা দিয়েছেন মাত্র ১৬ রান!

দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকে ৫ উইকেট রাবাদার আগে ছিল কেবল অ্যালান ডোনাল্ডের। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ২৯ রানে।

গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুবাই-আবুধাবির নিষ্প্রাণ উইকেটেও গতিময় বোলিং করে দারুণ নজর কেড়েছিলেন রাবাদা। জাতীয় দলের নির্বাচকদের রাডারে ছিলেন তখন থেকেই। গত নভেম্বরে তার অভিষেক হয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। এবার নজর কাড়লেন ওয়ানডে অভিষেকেও।  

প্রাপ্তির পূর্ণতার মাঝে একটা আফসোসই হয়তো কেবল উঁকি দিতে পারে ২০ বছর বয়সী পেসারের মনে। পুরো ৫০ ওভার খেলা হলে, পুরো ১০ ওভার বোলিং করতে পারলে হয়তো অভিষেকে ৭ উইকেটের প্রথম কীর্তিও হয়ে যেতে পারত!

ওয়ানডে অভিষেকে সেরা ৫ বোলিং :

বোলার (দেশ)

ফিগার

প্রতিপক্ষ

ভেন্যু

সাল

কাগিসো রাবাদা(দক্ষিণ আফ্রিকা)

৮-৩-১৬-৬

বাংলাদেশ

মিরপুর

২০১৫

ফিদেল এডওয়ার্ডস(ওয়েস্ট)

৭-১-২২-৬

জিম্বাবুয়ে

হারারে

২০০৩

টনি ডডেমেইড (অস্ট্রেলিয়া)

৭-০-২১-৫

শ্রীলঙ্কা

পার্থ

১৯৮৮

সাহুল কারনাইন (শ্রীলঙ্কা)

৮-১-২৬-৫

নিউ জিল্যান্ড

মোরাতুয়া

১৯৮৪

অস্টিন কড্রিংটন (কানাডা)

৯-৩-২৭-৫

বাংলাদেশ

ডারবান