মুশফিক সবচেয়ে বেশি পেশাদার: মাশরাফি
মুশফিকুর রহিমের ব্যাটে বড় রান না থাকায় চিন্তিত নন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের দাবি, দলের সবচেয়ে পেশাদার ক্রিকেটার মুশফিক দু:সময়কে দেবেন পাল্টা জবাব।
বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন মুশফিক। পরের ম্যাচে করেছিলেন ৬৫। এরপর হঠাৎই ছন্দপতন। টানা ১৩টি আন্তর্জাতিক ইনিংসে ছুতেঁ পারেননি পঞ্চাশ।
মাশরাফির এটা নিয়ে দুর্ভাবনা তো নেই। বরং প্রথম ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বললেন, মুশফিককে আরও নির্ভার হয়ে খেলতে দেওয়া উচিত।
“মুশফিক গত ২ বছরে আমাদের দলকে যেভাবে সার্ভিস দিয়েছে, সেটা অবিশ্বাস্য। সেও মানুষ, খারাপ সময় আসবেই। পুরো দলেরই বোঝা উচিত যে একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করা ঠিক নয়। কোনো ব্যাটসম্যান যদি ভালো শুরু পায়, তাহলে শেষ করে আসা উচিত। তাতে মুশফিকের জন্য সুবিধা হয়।”
মাশরাফির বিশ্বাস, নিজের পেশাদারিত্ব দিয়েই দু:সময়কে জয় করবেন মুশফিক।
“আজকে (শুক্রবার) সে কিন্তু ভালো ব্যাট করছিল। দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়ে গেছে। সে বের হয়ে আসবেই এই সময় থেকে। আমরা পুরো দলের কেউই চিন্তিত নই ওকে নিয়ে। কারণ দলের মধ্যে সবচেয়ে বেশি প্রফেশনাল সে। আমি নিশ্চিত, দ্রুতই ঘুরে দাঁড়াবে সে।”
