বুঝতেই পারছিলেন না রাবাদা!
হ্যাটট্রিক ডেলিভারিটি যেভাবে চেয়েছিলেন, সেটার ধারে কাছেও করতে পারেননি কাগিসো রাবাদা। তারপরও উইকেট পেয়ে দারুণ খুশি অভিষিক্ত এই পেসার। রেকর্ড গড়া এই তরুণ জানালেন, সবচেয়ে বেশি উপভোগ করেছেন তামিম ইকবালকে আউট করাটা।
অভিষেক ওয়ানডেতে নিজের দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করেছেন রাবাদা। পরে আরও তিন উইকেট নিয়ে গড়েছেন অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড। মিরপুরে প্রথম ওয়ানডেতে শুক্রবার বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করলেন রাবাদা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন হ্যাটট্রিক বলটির আগের মুহূর্তের অনুভূতি।
“বুঝতে পারছিলাম না কি বল করব; ইয়র্কার করব, নাকি বাউন্সার ছুঁড়ব, নাকি সাধারণ লেংথ ডেলিভারি! শেষ পর্যন্ত ঠিক করি ইয়র্কার করব। চেষ্টা করেছিলাম, কিন্তু বিশাল ব্যবধানে মিস করলাম!”
পরিকল্পনা মতো ইয়র্কার না করতে পারলেও উইকেট ঠিকই পেয়েছেন রাবাদা। ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ মাহমুদউল্লাহ। আর রাবাদার নাম উঠে গেল রেকর্ড বইয়ে।
তবে হ্যাটট্রিক উইকেট নয়, ২০ বছর বয়সী পেসার সবচেয়ে উপভোগ করেছেন হ্যাটট্রিকের প্রথম উইকেটটি।
“তামিমের উইকেটই সবচেয়ে ভালো লেগেছে। কারণ বলটি দারুণ ছিল!”
