২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টস জিতে আগে ব্যাটিংকে দায়ী করতে রাজি নন মাশরাফি

প্রথমে ব্যাট করে লড়াইয়ের পুঁজি গড়তে না পারায় ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচে ৮ উইকেটের এই হারের জন্য টস জিতে ব্যাটিং নেওয়াকে মোটেও দায়ী করতে রাজি নন বাংলাদেশের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 01:14 AM

Updated : 25 Apr 2022, 01:35 PM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪০ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাট করতে নেমে ১৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। খেলা শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, টস জিতে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন তিনি।

“টস জিতে ব্যাটিং না নেওয়ার কোনো কারণ দেখছি না। উইকেটে তেমন কিছু ছিল না, কোনো সুইং ছিল না তেমন কিছুই ছিল না। আমরা যেটা ধারণা করেছিলাম, খুব ভালো ব্যাটিং ট্র্যাক সেটাই ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি।”   

অধিনায়ক জানান, টস জিতলে কি বেছে নেওয়া হবে তা তার একর সিদ্ধান্তে ঠিক হয় না। সিনিয়র ক্রিকেটার, কোচের আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। টস জিতে আগে ব্যাটিং নেওয়ার প্রশ্ন কেন উঠছে তাই বুঝতে পারছেন না মাশরাফি।

“টস বিষয়টা কেন আসছে আমি জানি না। আমার মনে হয় না, এখানে কেউ একটা বল সুইং করতে দেখেছে। যদি সুইং করতো তাহলে একটা কথা হত, দেখিনি কোনো বল অনেক বেশি সুইং করেছে। আমরা ভালো ব্যাটিং করছি না এটাই আসল ব্যাপার।”

টানা বৃষ্টির কারণে প্রায় দুই দিন ধরে উইকেটে কাভারে ঢাকা ছিল। তারপরও উইকেটে কোনো সমস্যা ছিল না বলে জানান মাশরাফি।

“হয় আমরা ভালো ব্যাটিং করিনি অথবা উইকেটে আমাদের মানসিকতা ভালো ছিল না। উইকেট যদি খারাপ হত সাকিব (আল হাসান), সৌম্য (সরকার) যেভাবে শুরু করেছে সেভাবে শুরু করা সম্ভব হত না।”

পুরনো খবর:

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বড় হার
মিরপুরে সাকিবের দুই হাজার
অভিষেকে রাবাদার ইতিহাস