'এর চেয়ে ভালো খেলতে পারে বাংলাদেশ'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছে না বাংলাদেশ। নিজেদের খেলা পছন্দ হচ্ছে না খোদ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারই। তিনি মনে করছেন, এবারের সিরিজে তারা যা খেলছেন তার চেয়ে অনেক ভালো খেলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫২ ও ৩১ রানে দুটি টি-টোয়েন্টি হারে বাংলাদেশ। এরপর প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল মাশরাফির দল।
“আগে থেকেই জানতাম ওরা ভালো দল। আমাদের জন্য তো অবশ্যই ওরা ভালো দল। তার মানে এই না আমরা যেভাবে খেলছি সেভাবে খেলব। আমাদের আরো ভালো খেলার কথা ছিল।”
ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে অবিশ্বাস্য ভালো ক্রিকেট খেলছিল বাংলাদেশ। এই ফরম্যাটে শেষ দুই ম্যাচে নিজেদের পারফরম্যান্সে হতাশ দেশ সেরা পেসার মাশরাফি। এই হতাশা পেছনে ফেলে সামনের দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তিনি।
“প্রথম ওয়ানডেতে আমরা ভালো শুরু করতে পারিনি। এখনও আমাদের দুইটা ম্যাচ আছে, আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগও আছে। আমি আশা করছি, দক্ষিণ আফ্রিকার সঙ্গে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করার। দক্ষিণ আফ্রিকা ভালো দল; কিন্তু আমরা এর চেয়ে ভালো খেলতে পারি।”
