২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আট ব্যাটসম্যান খেলানোর ব্যাখ্যা অধিনায়কের

টানা তিনটি আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিংয়ে ধস নামায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আট ব্যাটসম্যান নিয়ে খেলে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, ছন্দ হারানো ব্যাটসম্যানদের স্বাধীনতা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 12:53 AM

Updated : 25 Apr 2022, 01:35 PM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হারে বাংলাদেশ। খেলা শেষে সংবাদ সম্মেলনে আট ব্যাটসম্যান নিয়ে খেলার ব্যাখ্যা দেন মাশরাফি।

“শেষ তিনটা ম্যাচে আমাদের ব্যাটিংয়ে ধস নেমেছে, তাই ব্যাটসম্যানরা যেন একটু স্বাধীনতা নিয়ে খেলতে পারে তার জন্যই আট ব্যাটসম্যান নিয়ে খেলা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ৯৬ ও ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। এর আগে ভারতের কাছে ৭৭ রানে হারা তৃতীয় ওয়ানডেতে ২৪০ রানে অলআউট হয় টাইগাররা।

বিশ্বকাপে তিন পেসার ও এক জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলে বাংলাদেশ। সাকিব আল হাসানসহ পাঁচ বোলার নিয়ে খেলার ধারাবাহিকতা ছিল ভারত-পাকিস্তানের বিপক্ষে শেষ দুই সিরিজেও। সেই পরিকল্পনা থেকে সরে আসার কারণও জানান বাংলাদেশের অধিনায়ক।

“বিশ্বকাপের কথা যদি বলি, তখন ব্যাটসম্যানরা খুব ফর্মে ছিল। তখন বোলাররা অতটা ভালো করছিলাম না। তখন আমরা বোলারদের একটা জায়গা দিয়েছিলাম। তাই পাঁচ জন বোলার নিয়ে খেলছি। এখন ব্যাটসম্যানরা যখন ছন্দে নেই; তাদের সহায়তা করতে চেয়েছি।”

দুই অফ স্পিন অলরাউন্ডার মাহমুদউল্লাহ ও নাসির হোসেন থাকায় আট ব্যাটসম্যান নিয়ে খেলার কথা ভাবে বাংলাদেশ, “যে ব্যাটসম্যান খেলছে সে অফ স্পিনার হিসেবেও খেলছে। সুতরাং আমাদের বোলার কমে যাচ্ছে না। আমাদের অন্তত সাত জন বোলার আছে। সে জায়গা থেকে চিন্তা করেই আট ব্যাটসম্যান খেলানো।

পুরনো খবর:

অভিষেকে রাবাদার ইতিহাস
মিরপুরে সাকিবের দুই হাজার
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বড় হার