২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড নয়, বাজে শটের আক্ষেপ মুমিনুলের

ওয়ানডে সিরিজ দুয়ারে দাঁড়িয়ে ফতুল্লা টেস্ট তবু অতীত নয় পুরোপুরি। বাংলাদেশের ক্রিকেট আঙিনায় কান পাতলে এখনও শোনা যাচ্ছে মুমিনুল হকের জন্য হাহাকার। অল্পের জন্য ছোঁয়া হলো না বিশ্বরেকর্ড। তবে এ নিয়ে আক্ষেপ নেই মুমিনুলের; তিনি বরং হতাশ বাজে শট খেলে আউট হওয়ায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 06:16 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

পুরনো খবর:

এক ম্যাচ জিতলেই র‌্যাঙ্কিংয়ে এগোবে মাশরাফিরা
ওয়ানডের আগে মুরালি বিজয়কে জরিমানা
ওয়ানডের বাংলাদেশকে সমীহ রায়নার
তাসকিনের টেস্ট স্বপ্ন
ওয়ানডেতে সুযোগের অপেক্ষায় মুমিনুল
‘ভারত সিরিজে ভালো করতে হবে পেসারদের’
তাসকিনের অনুপ্রেরণা অভিষেক ম্যাচ
বোলিংয়ে গতি বেড়েছে তাসকিনের

টানা ১১ টেস্টে পঞ্চাশ ছুঁয়ে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে মাঠে নেমেছিলেন মুমিনুল। হাতছানি ছিল টানা ১২ টেস্টে পঞ্চাশ ছুয়েঁ বিশ্বরেকর্ডে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গী হওয়ার। সেই পথে এগোচ্ছিলেনও ঠিকমতোই। কিন্তু ৩০ রানে আচমকাই হরভজন সিংকে ডাউন দা উইকেট এসে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন মিড অফে। দ্বিতীয় ইনিংসে সুযোগ পাননি ব্যাট করার।

রেকর্ডের প্রসঙ্গ তুলতেই মুমিনুল নির্লিপ্ত ভঙ্গিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “রেকর্ড না হয়েই ভালো হয়েছে!”

কেন এমন বলছেন, সেটার ব্যখ্যাও দিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান, “রেকর্ডটি নিয়ে একটু বেশিই আলোচনা হচ্ছিল। আপনারা জানেন, আমি হইচই খুব একটা পছন্দ করি না। আড়ালে থাকতেই ভালো লাগে। রেকর্ড না হোক, অন্তত হইচই এখন বন্ধ হবে।”

মুমিনুলের ভাবনার ধরনটাই এমন। দেশের সবচেয়ে ধারাবাহিক টেস্ট ব্যাটসম্যান হয়েও পাদপ্রদীপের আলো তাকে খুব একটা টানে না। নিজের মত নিভৃতে থাকতে পছন্দ করেন। রেকর্ডের হাতছানি যেমন তাই তাকে খুব একটা বাড়তি রোমাঞ্চে ডোবায়নি, তেমনি না পাওয়াতেও হতাশা নেই তার।

“রেকর্ড একটা অর্জন, হলে ভাল লাগত। না হওয়াতেও কিছু যায় আসে না। ওসব আমাকে ভাবায় না। আমি শুধু রান করে যেতে চাই।”

মুমিনুলের হতাশা আরও রান করতে না পারাতেই। যেভাবে যে শট খেলে আউট হয়েছেন, তাতে নিজের ওপরই বিরক্ত বাঁহাতি এই ব্যাটসম্যান।

“আমার খারাপ লেগেছে ওভাবে তুলে মারতে গিয়ে আউট হওয়ায়। ৫-১০ রানে আউট হলে অন্য কথা। কিন্তু সেট হওয়ার পর ওভাবে উইকেট বিলিয়ে দেওয়া যে কোনো ব্যাটসম্যানের জন্যই হতাশার। আমি এখনও বুঝে উঠতে পারছি না, ডিসিশান নিতে এত বড় ভুল কিভাবে করলাম। ওই শট কেন খেললাম! যাই হোক, এটাও একটা শিক্ষা।”

১৫ টেস্টের ক্যারিয়ারে মাত্র দুটি টেস্টেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস নেই মুমিনুলের। এবারের ফতু্ল্লা টেস্টের আগে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে করেছিলেন ২৩ ও ২৯। টানা ১২ টেস্টের পঞ্চাশে ডি ভিলিয়ার্সকে ছুতেঁ না পারলেও টানা ১১ টেস্টে তা করে তিনি বসেছেন ভিভ রিচার্ডস, বিরেন্দর শেবাগ ও গৌতম গম্ভিরের পাশে।