ওয়ানডের আগে মুরালি বিজয়কে জরিমানা
বাংলাদেশের বিপক্ষে ফতুল্লা টেস্টে ব্যাটের কানায় 'অবৈধ' লোগো ব্যবহার করায় শাস্তি পেতে হয়েছে মুরালি বিজয়কে। ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যানের টেস্ট-ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফরের একমাত্র টেস্টে খেলা বিজয়ের ব্যাটের নিচের অংশের এক কানায় লোগো ছিল। আর সমস্যাটা দেখা গেছে ওখানেই।
গত ১ মে থেকে কার্যকর হওয়া আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোগো বা চিহ্ন ব্যাটের কানাতেও লাগানো যাবে, তবে সেটা অবশ্যই উপরের অংশের ৯ ইঞ্চির মধ্যে থাকতে হবে।
সম্প্রতি ফতুল্লায় শেষ হওয়া বৃষ্টি-বিঘ্নিত টেস্টটি ড্র হয়।
