২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতে সুযোগের অপেক্ষায় মুমিনুল

বাংলাদেশের টেস্ট দলে এখন অপরিহার্য মুমিনুল হক ওয়ানডেতে অনেকটা অপাঙ্ক্তেয়। জায়গা পাকা হয়নি; একাদশে সুযোগ মেলে কমই। সুযোগ পেলেও ঠিক নেই ব্যাটিং অর্ডারের। তবে এবার ভারত সিরিজে আরেকটা সুযোগের অপেক্ষায় আছেন ছোটোখাট এই ব্যাটসম্যান। আর সুযোগ পেলে পারফরম্যান্স দিয়েই নিজের জায়গা করে নিতে চান তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 07:03 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

গত বিশ্বকাপে বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ খেলার পর থেকেই ওয়ানডে একাদশের বাইরে মুমিনুল। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে স্কোয়াডে থাকলেও খেলানো হয়নি একটি ম্যাচও। এবার চোটের কারণে মাহমুদউল্লাহ নেই, একাদশে তাই একটি জায়গা ফাঁকা আছে।

মুমিনুল অবশ্য আশায় বুক বাধতে পারছেন না। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, সুযোগ পেলে তা কাজে লাগাতে পারবেন বলে আত্মবিশ্বাসী তিনি।

“জানি না সুযোগ পাব কিনা খেলার। তবে সুযোগ পেলে কাজে লাগাতে চাই। সুনির্দিষ্ট লক্ষ্য নেই যে এত রান করতে হবে। তবে রান করতে চাই, ভালো খেলতে চাই।”

টেস্টে নিয়মিত টপ অর্ডারে ব্যাটিং করলেও ওয়ানডেতে মুমিনুলের ব্যাটিং অর্ডার নিয়ে টানাহেঁচড়া কম হয়নি। ২৪টি ইনিংস খেলেছেন ওয়ানডেতে, এর মধ্যেই ৬টি ভিন্ন পজিশনে ব্যাটিং করতে হয়েছে। টপ বা মিডল অর্ডারে একটি পজিশনে টানা খেলার সুযোগ পাননি। তিন নম্বর থেকে চার, পাঁচ-ছয়-সাত, এমনকি খেলানো হয়েছে নয় নম্বরেও!

ওয়ানডেতে মুমিনুল দ্রুতগতিতে রান তুলতে পারেন না বলে একটা কথাও প্রচলিত আছে। অথচ সতীর্থদের তুলনায় মুমিনুলের ক্যারিয়ার স্ট্রাইকরেট (৭৪.৫৮) মোটেও খারাপ কিছু নয়। তার স্ট্রাইকরেট এমনকি নানা সময়ে বাংলাদেশ ওয়ানডে দলে নিয়মিত মোহাম্মদ আশরাফুল (৭০.১১), এনামুল হক (৭০.০০), মাহমুদউল্লাহ (৭৩.৬৩), অলক কাপালি (৬৭.৯৬), ইমরুল কায়েসদের (৬৪.৩২) চেয়ে বেশি।

মুমিনুল অবশ্য এই স্ট্রাইকরেট আর ব্যাটিং অর্ডার বিতর্কে যেতে চাইলেন না।

“ওসব আমার ভাবার বিষয় নয়। রান করতে পারলে তো আর কথা হবে না। সুযোগ পেলে যেখানেই ব্যাট করি, শুধু রান করে যেতে চাই।”
তবে তিনি জানিয়ে দিলেন, এখন সুযোগ না পেলেও মুষড়ে পড়বেন না, হাল ছাড়বেন না।

“এখন না হলেও পরে সুযোগ আসবে। রান করেই জায়গা পাকা করব। ওয়ানডেতেও একদিন নিয়িমত খেলব।”

পুরনো খবর:

ওয়ানডের আগে মুরালি বিজয়কে জরিমানা