বোলিংয়ে গতি বেড়েছে তাসকিনের
গতির ঝড় তুলতে চান তাসকিন আহমেদ। কঠোর পরিশ্রম করে একটু-একটু করে সেই লক্ষ্য পূরণের পথে এগুচ্ছেন তরুণ এই পেসার। তাসকিন জানান, ক্রমশ গতি বাড়ছে তার, এখন নিয়মিত গড়ে ১৪০ কিলোমিটারের বেশি বেগে বল করতে পারছেন তিনি।
মঙ্গলবার অনুশীলন শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসেন তাসকিন। ২০ বছর বয়সী এই পেসার জানান, গতি বাড়াতে কঠোর পরিশ্রম করেছেন তিনি।
“আগের চেয়ে অনেক বেশি বল করছি। দুই সপ্তাহ আগেও সপ্তাহে ১২০টি বল করতাম। এখন ১৬০টা বল করছি। বোলিংয়ের সঙ্গে অনেক বেশি জিমও করছি।”
গত জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেকে ৫ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। নিজের বোলিং নিয়ে এখন আরও বেশি খাটছেন এক বছরের মধ্যে ওয়ানডে দলে নিজের জায়গা পাকা করে ফেলা এই পেসার।
“আমি প্রতিটি ম্যাচ থেকেই শেখার চেষ্টা করছি। আগের চেয়ে গতিটা বেড়েছে। এখন বোলিংয়ে ১৪০ এর বেশি গড় থাকছে। সেই সাথে ম্যাচের বিভিন্ন রকম পরিস্থিতিতে বল করেছি, এতে অভিজ্ঞতা বাড়ছে। এই সময়ে আমি অনেক কিছু শিখছি।”
এ পর্যন্ত ১২ ওয়ানডে খেলে ২৭.৩১ গড়ে ১৯ উইকেট নিয়েছেন তাসকিন। ভারতের বিপক্ষে তিন ম্যাচ খেলে ১০ উইকেট নেওয়া এই পেসার জানান, আসন্ন সিরিজে দারুণ এক স্পেলে দলকে জয় এনে দিতে চান তিনি।
ভারতের ব্যাটসম্যানদের প্রতি সমীহের কমতি নেই তাসকিনের। তাদের বিপক্ষে বল করার আগে নিজের বোলিং নিয়ে অনেক ভাবছেন তিনি।
“যে বলই করি, লাইনটা ঠিক রাখতে চাই। শর্ট বা বাউন্সার যাই হোক ঠিক জায়গায় বল করতে না পারলে ব্যাটসম্যান সহজেই খেলবে। তাই সঠিক জায়গায় বল করতে চাই।”
