তাসকিনের টেস্ট স্বপ্ন
ওয়ানডেতে বাংলাদেশের বোলিং যতটা ধারাল, ঠিক ততটাই নখ-দন্তহীন টেস্টে। এই সংস্করণে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য নিয়েও এখন প্রশ্ন উঠেছে। তবে শিগগির পরিস্থিতির পরিবর্তন হতে যাচ্ছে বলে মনে করছেন তরুণ পেসার তাসকিন আহমেদ।
দেশের মাটিতে শেষ তিন টেস্টে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তিন টেস্টে চার ইনিংসে বল করার সুযোগ মেলে স্বাগতিকদের। এর মধ্যে কেবল একবার প্রতিপক্ষকে অলআউট করতে পারে তারা। সেই ইনিংসেও অলআউট হওয়ার আগে ৬২৮ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান।
এরপর দ্বিতীয় টেস্টে পাকিস্তান দুই বারই ইনিংস ঘোষণা করে। সদ্য শেষ হওয়া ফতুল্লা টেস্টেও ইনিংস ঘোষণা ভারত। পাকিস্তান সিরিজের পর বোলারদের সমালোচনা করেছিলেন মুশফিকুর রহিম। ভারত টেস্টের পর বোলারদের স্কিল বাড়ানোর পরামর্শ দিয়েছেন টেস্ট অধিনায়ক।
প্রধান নির্বাচক ফারুক আহমেদও টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য নিয়ে সন্দিহান।
ওয়ানডেতে বাংলাদেশের সাফল্য বড় অবদান রাখছেন তিন পেসার মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। মাশরাফি, তাসকিন টেস্টে খেলছেন না। রুবেলসহ কয়েক জন পেসার চোটের জন্য নিয়মিত এই সংস্করণে খেলার সুযোগ পাচ্ছেন না।
পেসারদের চোটকেই টেস্টে বোলিংয়ে বাংলাদেশের ভালো না করার কারণ হিসেবে দেখছেন তাসকিন, “টেস্টে আমাদের বেশ কয়েক জন পেসারের একটু চোটের সমস্যা ছিল। তারা সুস্থ হয়ে উঠছে। আশা করছি, খুব বেশি দিন এই সব সমস্যা থাকবে না।”
তাসকিন জানান, কঠোর পরিশ্রম করে নিজেকে সব ধরনের ক্রিকেটের জন্য তিনি প্রস্তুত করছেন। টেস্ট খেলার স্বপ্ন দেখছেন ২০ বছর বয়সী এই পেসার।
“সব কিছুর জন্যই অনুশীলন চলছে। আগের চেয়ে অনেক বেশি বোলিং করছি এখন। অনুশীলনে অনেক বেশি পরিশ্রম করছি। টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি। আগের তুলনায় এখন আমি অনেক বেশি ফিট। আশা করি, সামনে সব ধরনের ক্রিকেটেই আমি খেলতে পারব।”
