তাসকিনের অনুপ্রেরণা অভিষেক ম্যাচ
অভিষেক ম্যাচের প্রতিপক্ষ ভারতকে আবার সামনে পেয়ে দারুণ রোমাঞ্চিত তাসকিন আহমেদ। ওয়ানডে সিরিজে ওই ম্যাচের মতোই কিছু করে দেখানোর প্রত্যয় এই তরুণের চোখে-মুখে।
গত বছর ১৭ জুন ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। ২৮ রানে অতিথিদের পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি।
অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেও দলকে জেতাতে পারেননি তাসকিন। কিন্তু সেই ম্যাচ বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছে ২০ বছর বয়সী এই পেসারকে।
“ভারতের বিপক্ষে আগের স্মৃতি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তবে মাঠের খেলা একেবারে নতুন করে শুরু করতে হবে। এখন নতুন করে মাঠে ভালো খেলতে হবে।”
আগামী বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলে বাংলাদেশ। শেষ আটের ম্যাচে ভারতের বিপক্ষে ভালো খেলতে না পারা এখনও পোড়ায় তাসকিনকে। মেলবোর্নে না পারলেও মিরপুরে লড়াইয়ের স্বপ্ন দেখছেন এই তরুণ।
“এবার হয়তো পারব। আমাদের দল আগের চেয়ে শক্তিশালী। সবাই বেশ ভালো খেলছে। আমরা যদি আগের ধারাবাহিকতা ধরে রাখতে পারি, আশা করি খুব ভালো কিছু হবে।”
ভারতের নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকে লক্ষ্য করছেন তা তাসকিন। অতিথিদের প্রতিটি উইকেটকেই সমান গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
“ওদের সবাই খুব ভালো ব্যাটসম্যান। সবার উইকেটই খুব মূল্যবান। চেষ্টা করবো সবার বিপক্ষেই ভালো বোলিং করতে।”
