২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন ‘ম্যাচ উইনার’ মাহমুদুল্লাহ

ক্যারিয়ারের শুরুতে যে আভাস দিয়েছিলেন মাহমুদুল্লাহ এত দিনে তা পূর্ণতা পেল। তার মাঝে আরেক জন ‘ম্যাচ উইনার’ খুঁজে পেয়েছে বাংলাদেশ। নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এই অলরাউন্ডারের দিকেও তাকিয়ে থাকবে টাইগাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 04:51 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

পুরনো খবর:

ভারতের বিপক্ষেই জ্বলে উঠতে চান সাকিব
ভারতকে জুটি গড়তে দিতে চায় না বাংলাদেশ
ভারতের বিপক্ষে ভয়হীন ক্রিকেটের মন্ত্র সাকিবের
'মেলবোর্নে জিততে বড় স্কোর চাই'
ব্যাটিং নিয়ে নির্ভার বাংলাদেশ
স্বপ্ন দেখাচ্ছেন পেসাররা
কোয়ার্টার-ফাইনাল উপভোগের মন্ত্র বাংলাদেশ কোচের
ভারতের পেস বোলিংয়ে সমীহ হাথুরুসিংহের
বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার গৌল্ড, দার
নতুন উচ্চতায় ওঠার স্বপ্ন বাংলাদেশের
মাহমুদুল্লাহর ক্যারিয়ার সেরা রেটিং

বাংলাদেশের ব্যাটিং অর্ডার সুস্থির হওয়া আর ব্যাটিং নিয়ে দুর্ভাবনা দূর করার পেছনে দারুণ অবদান রাখেন মাহমুদুল্লাহ। ব্যাটিংয়ের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। নিজের সামর্থ্যের প্রমাণ আগের তিন ম্যাচে দিয়েছেন তিনি।

অ্যাডিলেইডে ইংল্যান্ডের বিপক্ষে শতক করে নিজের এবং বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটান মাহমুদুল্লাহ। ওয়ানডেতে নিজের প্রথম শতক পান এই অলরাউন্ডার। বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম শতকও এটা। আর ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট নিশ্চিত করে বাংলাদেশ।

চার দিন পর দেখা যায় আরও পরিণত মাহমুদুল্লাহকে। হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেই আরেকটি শতক তুলে নেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ বলে অর্ধশতকে পৌঁছান মাহমুদুল্লাহ। নিজের প্রথম শতকে পৌঁছাতে খেলেন আরও ৬২ বল। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে অর্ধশতকে পৌঁছানোর পর রান তিন অঙ্কে নিয়ে যেতে খেলেন আরও ৪৮ বল।

অ্যাডিলেইডে শতকে পৌঁছানোর পর রান আউট হওয়া মাহমুদুল্লাহ শেষ ৭ বলে যোগ করেন মাত্র ৩ রান। হ্যামিল্টনে শতকে পৌঁছানোর পরপরই মিচেল ম্যাকক্লেনাগানের বলে টানা তিনটি চার হাকান তিনি; শতক পাওয়ার পর ১২ বলে ২৮ রান যোগ করেন।

বিশ্বকাপের আগে আলোচনায় ছিলেন না মাহমুদুল্লাহ। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের ঘিরেই ছিল স্বপ্ন। ক্যারিয়ারের পুরোটা সময় পার্শ্বনায়ক হয়ে থাকা মাহমুদুল্লাহ, নায়কই হয়ে গেলেন বিশ্বকাপের বড় মঞ্চে।

গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডে জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন মাহমুদুল্লাহ। সেখানে এসেছিল নায়ক হওয়ার প্রসঙ্গ।

নায়ক হওয়ার লক্ষ্য কখনো থাকে না, সব সময়ই যতটা সম্ভব অবদান রাখতে চান জানিয়ে মাহমুদুল্লাহ বলেছিলেন, “কখনো নায়ক ছিলাম না, হওয়ারও কোনো ইচ্ছে নেই। চেষ্টা থাকে যতটুকু পারি দলের জন্যে অবদান রাখতে।”

জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ নভেম্বরের সেই ম্যাচে অপরাজিত ৮২ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। সেই ইনিংস অনেক বড় স্বস্তি হয়ে আসে তার জন্য। ১৮ মাস পর ওয়ানডেতে অর্ধশতক পেয়েছিলেন তিনি।

২০১৩ সালের ৮ মে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৭৫ রান করার পর হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলেছিলেন মাহমুদুল্লাহ। আরেকটি অর্ধশতক পাওয়ার আগে ১৭ ম্যাচের ১৫ ইনিংসে মাত্র ১৬.২১ গড়ে ২২৭ রান করেন তিনি।

দলে জায়গা টালমাটাল হয়ে পড়েছিল ডানহাতি ব্যাটসম্যানের। তবে গত নভেম্বরে ছন্দে ফেরার পর আর পেছনে তাকাতে হয়নি মাহমুদুল্লাহকে। ওয়ানডের সেরা টুর্নামেন্টে তো আছেন ক্যারিয়ারের সেরা ছন্দে।

অধিনায়ক মাশরাফি মনে করেন, কঠোর পরিশ্রমের ফসল পাচ্ছেন মাহমুদুল্লাহ। সবসময়ই অনুশীলনে মনোযোগী এই ক্রিকেটার। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের পর কঠোর পরিশ্রম করে ওজনও কমান এই অলরাউন্ডার। 

পরপর দুই ম্যাচে শতক করার আগে আফগানিস্তানের বিপক্ষে ২৩, শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ ও স্কটল্যান্ডের ৬২ রানের তিনটি ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। পাঁচ ম্যাচে ৩৪৪ রান করে গ্রুপ পর্ব শেষে বিশ্বকাপের সেরা রান সংগ্রাহকদের তালিকার পাঁচ নম্বরে আছেন তিনি।  

২০০৭ সালে অভিষেকের পর থেকে ২০১২ সাল পর্যন্ত সাত নম্বরেই বেশি খেলেন মাহমুদুল্লাহ। সে সময় এই পজিশনে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। তবে মাহমুদুল্লাহর মানের একজন ব্যাটসম্যানের জন্য সাত নম্বরে অনেক বেশি নিচে হয়ে যায় বলে মনে করেন বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে।

“ব্যাটিং অর্ডারে ভালোভাবেই মানিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ। এটা তাকে বাড়তি দায়িত্ব দিচ্ছে। ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সে চার নম্বরে ব্যাট করেছে। আর দুই ম্যাচেই শতক করেছে। এর আগে সে সাত নম্বরে ব্যাট করেছে, যা তার সামর্থ্যের একজন ব্যাটসম্যানের জন্য অনেক বেশি নিচে। সবচেয়ে বড় মঞ্চ, বিশ্বকাপে সে নিজেকে মেলে ধরেছে।”

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব মনে করেন, বিশ্বকাপে টানা তিন শতক করার সামর্থ্য মাহমুদুল্লাহর রয়েছে।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় একটা পরীক্ষাই দিতে হবে মাহমুদুল্লাহকে। সেই ম্যাচে তার ব্যাটে রান দেখতে চান সাকিব।

“পেশাদার দল হিসেবে আমরা তার কাছ থেকে আরেকটি শতক চাই। সাঙ্গাকারা যদি টানা চারটি শতক করতে পারেন, মাহমুদুল্লাহ কেন পারবেন না?”

মাহমুদুল্লাহর ব্যাটে রান চাইবেই বাংলাদেশ। পঞ্চাশ পার হলে সহজে আউট হন না এই ব্যাটসম্যান। এ পর্যন্ত ১৪টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ। এর মধ্যে মাত্র তিনটিতে আউট হয়েছেন তিনি। পঞ্চাশোর্ধ ইনিংস ম্যাচে তার গড় ৩২৩.৩৩!