২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষেই জ্বলে উঠতে চান সাকিব

সাকিব আল হাসান নিজেই মনে করেন, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে এখনও নিজের সেরাটা মেলে ধরতে পারেননি তিনি। বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার তাই ভারতের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে জ্বলে ওঠার জন্য উন্মুখ হয়ে আছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 09:20 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী বৃহস্পতিবার ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে  নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশ।এর আগে মঙ্গলবার সাকিব আল হাসান ধোনি-কোহলিদের বিপক্ষে ব্যাট-বলে জ্বলে ওঠার প্রতিশ্রুতি দেন।

“মাঠের ভেতরে-বাইরে রাখার মতো অনেক ভূমিকা আছে। সর্বপ্রথম আমাকে ভালো খেলতে হবে। ব্যাটে, বলে এবং একজন সিনিয়র খেলোয়াড় ও সহ-অধিনায়ক হিসেবে আমাকে দলের জন্য অবদান রাখতে হবে। আশা করি, আমি সেটা করতে পারব।”

বিশ্বকাপের একাদশ আসরে এ পর্যন্ত পাঁচ ম্যাচে ১৮৬ রান করেছেন সাকিব। দুটি অর্ধশতকের ইনিংস খেললেও তিন অঙ্কের নাগাল পাননি। ওয়ানডেতে ছয়টি শতক পাওয়া ২৭ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যানও মনে করেন ব্যাট হাতে আরো ভালো করার দরকার ছিল তার।

“আমার পারফরম্যান্সে নিয়ে আমি বলব মোটামুটি। হয়ত আরেকটু ভালো করতে পারতাম, বিশেষ করে ব্যাটিংয়ে।”

পাঁচ ম্যাচে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। ১৪৬ ওয়ানডেতে ১৮৯টি উইকটে পাওয়া এই বাঁহাতি স্পিনার অবশ্য নিজের বোলিং নিয়ে খুশি।

নিজের পারফরম্যান্সে ‘মোটামুটি’ খুশি হলেও ভারতের বিপক্ষের কোয়ার্টার-ফাইনালে দলকে আরও বেশি দেওয়ার তাগিদ ঠিকই অনুভব করছেন। তিনি বলেন, “আসলে উন্নতির তো কোনো শেষ নাই। আর দলের জন্য অবদান রাখারও কোনো শেষ নাই।”

সহ-অধিনায়ক হিসেবেও দলের প্রয়োজনের সময় অবদান রাখতে চান সাকিব। তাই যখন যেটা মনে হবে, যে পরিকল্পনা মাথায় আসবে, তা নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আলোচনাও করবেন বলেও মেলবোর্নে সাংবাদিকদের জানান তিনি।