২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মেলবোর্নে জিততে বড় স্কোর চাই'

বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, মেলবোর্নে সাফল্য পেতে হলে ২৮০ থেকে ৩২০ রান তুলতে হবে আগে ব্যাটিং করা দলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 09:52 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আগামী বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে সাকিব মঙ্গলবার আরও জানান, চাপ দুই দলের ওপরই আছে।

মেলবোর্নের চ্যালেঞ্জিং স্কোর কত হতে পারে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, “আমরা যে (এখানে) একটা ম্যাচ খেলেছি, সেটাও ব্যাটিং উইকেট ছিল। তো আমার মনে হয়, ২৮০-৩২০ একটা ভালো লক্ষ্য হতে পারে।”

বিশ্বকাপের একাদশ আসরের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হয়েছে। আগে ব্যাটিং করা দলগুলো প্রতি ম্যাচেই তিনশ’র ওপরে রান তুলেছিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩৩ রানের লক্ষ্যে নেমে ২৪০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

গত তিন ম্যাচের উদাহরণ টেনে সাকিব মনে করেন, মেলবোর্নের উইকেটে এবারও রান পাবেন ব্যাটসম্যানেরা।

“আসলে খেলা শুরু হলে পিচটা কেমন হবে বোঝায় যায়। এর আগে এখানে যে কয়েকটা ম্যাচ হয়েছে, সবাই তিনশ বা তিনশোর্ধ্ব স্কোর করেছে।”

টানা ছয় ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিকে হারিয়ে দাপটের সঙ্গে শেষ আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

মাশরাফি বিন মুর্তজার দলকে ঘিরে তাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশার চাপ বাড়ছে। সাকিব অবশ্য প্রত্যাশার চাপকে ‘চাপ’ মনে করেন না; এটা তার ও সতীর্থদের কাছে অনুপ্রেরণার মনে হয়।

শক্তির হিসেবে বাংলাদেশের চেয়ে ভারতে এগিয়ে থাকলেও কোনো দল নির্ভার নয় বলে জানান সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, “চাপ আছে দুই দলের ওপরই।”