২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে জুটি গড়তে দিতে চায় না বাংলাদেশ

ভারতের ব্যাটসম্যানরা ব্যক্তিগতভাবে এবারের বিশ্বকাপে ব্যাট হাতে যে খুব বেশি আলো ছড়াচ্ছেন, তা নয়। তবে বড় বড় জুটি গড়ে লড়ে ঠিকই সহজে ম্যাচ বের করে নিচ্ছেন ধোনি-ধাওয়ানরা। তাই কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ ভারতকে জুটি গড়তে না দেয়ার লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 09:41 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে মঙ্গলবার নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে ধোনি-কোহলিদের ‘জুটি’ ভাঙার পরিকল্পনার কথা বলেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

“ওদের শুরু ছয়টা উইকেটই গুরুত্বপূর্ণ। যে কেউ ম্যাচের গতি পরিবর্তন করতে পারে এবং আমরা সবাই এটা জানি। তাই আমাদের পরিকল্পনা ও চেষ্টা থাকবে ওরা যেন অবশ্যই বড় জুটি গড়তে না পারে।”

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় ভারতের কারো ঠাঁই মেলেনি। তবে গ্রুপ পর্বে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের পেস বোলারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টানা দুই শতক তুলে নেওয়া বাংলাদেশের মাহমুদুল্লাহ (৩৪৪ রান) ঠিকই আছেন সেরা পাঁচে।

তবে জোটবদ্ধ হয়ে লড়ে যাওয়ার হিসেবে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। বিশ্বকাপের একাদশ আসরে উদ্বোধনী জুটিতে তোলা সর্বোচ্চ রান (১৭৪) ভারতের রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও জোটবদ্ধ হয়ে ম্যাচ বের করে নেওয়াটা দেখিয়েছে তারা। ওই ম্যাচে শুরুর ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ধোনি ও সুরেশ রায়না মিলে ১৯৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন।

তাই সেমি-ফাইনালে ওঠার স্বপ্ন পূরণে জুটি ভাঙার দিকে বেশি গুরুত্ব দিলেও প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানদের দ্রুত বিদায় করার লক্ষ্যও জানান সাকিব।

“যারা (ওদের ব্যাটিং লাইনআপের) গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাদের উইকেট যদি আমরা তাড়াতাড়ি নিতে পারি, তাহলে তো আরো ভালো।”