অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের ইঙ্গিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশে। অন্তত এমন ইঙ্গিতই দিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শনিবার ব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বের অন্যতম দ্রুততম উইকেটে খেলার সম্ভাবনায় রীতিমত রোমাঞ্চিত দেশসেরা পেসার মাশরাফি।
শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “একেক জায়গায় একেক রকম উইকেটে খেলা হবে। উইকেটের ওপর নির্ভর করে আমাদের সেরাটা দলটা বেছে নিতে হবে।”
আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানে জেতা প্রথম ম্যাচে আট ব্যাটসম্যান নিয়ে খেলেছিল বাংলাদেশ।
মাশরাফি জানান, এক পয়েন্ট পাওয়ার নেতিবাচক চিন্তা নিয়ে এগোতে চান না তিনি। খেলার জন্য নিজেদের প্রস্তুত করছেন তারা।
“ওভার কমে আসা ম্যাচে অবশ্যই খেলতে চাই না। এই ধরণের ম্যাচে অনেক সময় কম্বিনেশন ঠিক করা কঠিন হয়ে পড়ে। ২০ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া আরো ভালো। আমরা ইতিবাচক চিন্তা করছি যে পুরো ম্যাচ হবে।”
সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে।
