২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন ক্লার্ক

অবশেষে মাইকেল ক্লার্কের ফেরা নিয়ে সব ধোঁয়াশা দূর করে দিয়েছেন ড্যারেন লেম্যান। বাংলাদেশের বিপক্ষেই অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিরছেন বলে নিশ্চিত করেছেন দলটির কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 12:58 AM

Updated : 25 Apr 2022, 01:02 PM

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

এই ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে এমনিতেই অন্যরকম এক সমস্যায় ভুগছে অস্ট্রেলিয়া। গ্যাবার বাউন্সি উইকেটে চারজন পেসার নাকি অলরাউন্ডার একজন বেশি খেলাবেন; এই নিয়ে চিন্তা-ভাবনা করছেন দলটির নির্বাচকরা।

এর মধ্যে সাংবাদিকরা লেম্যানকে প্রশ্ন করেন, ক্লার্ক শনিবারের ম্যাচে খেলবেন কিনা।

ব্রিসবেনে দলের অনুশীলন শেষে এসইএন রেডিওতে লেম্যান বলেন, “হ্যা, সে (ক্লার্ক) খেলছে।”

গত বছরের ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করানোর পর দুটি ম্যাচ খেলেন ক্লার্ক। একটি খেলেন বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে। আরেকটি ম্যাচ খেলেন তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, সেটি ছিল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ।

আমিরাতের বিপক্ষে ৬১ বলে ৮টি চারে ৬৪ রান করে ফেরেন ক্লার্ক। ওই ম্যাচে ২ ওভার বলও করেন তিনি। আমিরাতের ইনিংসের পুরোটা সময় মাঠেও ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে অ্যারন ফিঞ্চ বলেছিলেন, ক্লার্ককে দেখে তার মনে হয়েছে তিনি ফিটই আছেন। আর দিন দুই আগে ফাস্ট বোলার মিচেল জনসন বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে ক্লার্ককে চান তারা।

ফিঞ্চ-জনসনদের আশা পূরণ হতে চলেছে। বাংলাদেশ ম্যাচ দিয়েই ফিরতে চলেছেন ক্লার্ক। তবে ক্লার্ক ফিরলে তাকে জায়গা করে দিতে হয়তো বাদ পড়তে হবে ‘সাময়িক’ অধিনায়ক জর্জ বেইলিকে।

লেম্যান অবশ্য এই বিষয়ে এখনো কিছু বলতে রাজি নন। কৌশলে এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।

“কে বাদ যাবে, সেটা বলা কঠিন হবে। কিন্তু আপনি শুধু একাদশ দিয়ে ম্যাচ জিততে পারেন না।”