পেসে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা
গ্যাবার উইকেটে গতির ঝড় তোলার অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া। আর তা দিয়ে বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দলটি উড়িয়ে দিতে চায় বাংলাদেশকে। মাশরাফি বিন মুর্তজাদের বিপক্ষে পুরোপুরি পেস আক্রমণ নিয়ে নামার ইঙ্গিত দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী শনিবার বাংলাদেশের ম্যাচটি হবে ব্রিসবেনের গ্যাবায়। এমনিতেই গ্যাবার উইকেট বাউন্সি, পেস বোলারদের জন্য সহায়ক। এর ওপর ব্রিসবেনে প্রচুর বৃষ্টি হচ্ছে।
ভেজা আবহাওয়ায় গ্যাবার উইকেট পেসারদের আরও বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেই মনে করেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। এই কারণেই চারজন পেসার নিয়ে খেলার কথা ভাবছেন তিনি।
বুধবার ব্রিসবেনে দলের অনুশীলন শেষে একাদশ সাজানো নিয়ে কথা বলেন লেম্যান। ফেয়ারফক্স রেডিওকে তিনি বলেন, “আমরা একজন বাড়তি অলরাউন্ডার বা বাড়তি একজন গতিশীল বোলার নিয়ে খেলব কিনা তা ভাববার বিষয়। এটা নির্ভর করে উইকেটের ওপর। বৃষ্টি বন্ধ হওয়ার আগে এই সিদ্ধান্ত নিতে পারছি না আমরা।”
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল অবশ্য চারজন পেসার নিয়ে খেলার পক্ষে তার রায় এখনই দিয়ে রেখেছেন। গ্যাবায় বেশি গতিশীল বোলারদের নিয়ে খেললেই ভালো হবে বলে মনে করেন তিনি।
