অস্ট্রেলিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
শক্তি ও অভিজ্ঞতায় অস্ট্রেলিয়ার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও আগে থেকেই হাল ছাড়ছে না বাংলাদেশ। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাস থাকার কথা জানান বাংলাদেশের অলরাউন্ডার সৌম্য সরকার।
ব্রিসবেনে শনিবার মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার ক্যানবেরায় টিম হোটেলে সাংবাদিকদের কাছে লক্ষের কথা জানান সৌম্য।
“আমার প্রথম থেকেই বিশ্বাস ছিল যে, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করব। এখন পর্যন্ত সে বিশ্বাস আছে। ২১ তারিখের ম্যাচটা আসুক, তখন দেখা যাবে।”
বিশ্বকাপের একাদশ আসরে অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশও নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। চিরশত্রু ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করে অজিরা। আর আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানে জেতে মাশরাফি বিন মুর্তজার দল।
শুরুটা ভালো হওয়ায় এখন আরও ভালো করার স্বপ্ন দেখছেন সৌম্য। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, চার প্রস্তুতি ম্যাচে হারের হতাশাও প্রথম ম্যাচের জয় দিয়ে কাটিয়ে উঠেছেন তারা।
“আসলে প্রস্তুতি ম্যাচে ভালো হয়নি। তবে যেটা প্রস্তুতির ছিল, সেটা তো শেষ হয়ে গেছে। বিশ্বকাপের আসল ম্যাচে আমরা শুরুটা ভালো করেছি। এটা ধরে রাখতে চাই।”
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের শুরুতে বাংলাদেশের রান তোলার গতি আশানুরূপ ছিল না। তবে মিডল অর্ডারে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ২৬৭ রান তোলে বাংলাদেশ। সাকিব ৭১ রান ও মুশফিক ৬৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন।
ওই ম্যাচে বোলিংয়ে উড়ন্ত শুরু করে বাংলাদেশ। মাশরাফি আর রুবেল হোসেন দারুণ শুরু এনে দেয়ার পর তাসকিন, মাহমুদুল্লাহরাও ছন্দ ধরে রেখে আফগানিস্তানকে ১৬২ রানে আটকে দেন। সৌম্যর বিশ্বাস ছন্দের এই ধারাবাহিকতায় থাকলে লক্ষ্য পূরণ করবে বাংলাদেশ।
“টিমের সবাই ভালো করছে। এভাবে ভালো করলে আশা করি, আমাদের টিমটা আরো ভালো করবে।”
মাশরাফি-সৌম্যদের অনুপ্রেরণা জোগাতে ক্যানবেরার গ্যালারিতে প্রবাসী বাংলাদেশি সমর্থকের ঢল নেমেছিল। বিদেশ-বিভূইয়ে এসে এমন সমর্থন পেয়ে আপ্লুত সৌম্য।
“প্রথম ম্যাচে তো আমাদের মনেই হয়নি, আমরা বাইরে খেলছি। এত দর্শক দেখলে আসলে অনেক ভালো লাগে। বাইরের মাঠে এত সমর্থক দেখলে মনের মধ্যে আরো ভালো করার জন্য জেদ জাগে।”
