২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ইনিংস খেলার লক্ষ্য সৌম্যর

আফগানিস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজে লাগাতে চান সৌম্য সরকার। বিশ্বকাপের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে সুযোগ পেলে বড় ইনিংস খেলার আশা প্রকাশ করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 10:42 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

ব্রিসবেনে শনিবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। বৃহস্পতিবার ক্যানবেরার টিম হোটেলে সাংবাদিকদের কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের লক্ষ্য জানান সৌম্য।

“ওই দিন (অস্ট্রেলিয়ার বিপক্ষে) যদি সেট হতে পারি, তাহলে নিজের ইনিংসটাকে বড় করার চেষ্টা করব।”

বিশ্বকাপের একাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে হারায় বাংলাদেশ। ক্যানবেরার ম্যানুকা ওভালের ওই ম্যাচে শাপুর জারদানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২৮ রানের ইনিংস খেলেন সৌম্য। ২১ বছর বয়সী এই অলরাউন্ডারের ইনিংসটি ৩টি চার ও এক ছক্কায় সাজানো ছিল।

আফগানিস্তানের বিপক্ষে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে না পারার হতাশা আছে সৌম্যর। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই ভালো শুরুর পাশাপাশি শেষটাও ভালো করার লক্ষ্য জানান তিনি।

“আসলে ব্যক্তিগত লক্ষ্য বলতে ওরকম কিছু নাই। নিজের খেলাটা খেলব। প্রথম ম্যাচ যেভাবে খেলছি, ওইভাবে শুরু করার চেষ্টা করব। প্রথম ম্যাচে ফিনিশিংটা ভালো করতে পারি নাই। এবার লক্ষ্য থাকবে শেষটাও ভালো করার।”

গত বছর ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় সৌম্যর। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে ওই ম্যাচই ওয়ানডেতে তার একমাত্র অভিজ্ঞতা। তাই বিশ্বকাপকে সবার সামনে নিজেকে মেলে ধরার সুযোগ হিসেবে দেখছেন সৌম্য।

“বাংলাদেশ থেকে আসার সময় বলেছিলাম যে, এখান থেকে বাংলাদেশের মানুষের কাছে নিজেকে পরিচিত করতে চাই। তো সেই চেষ্টা করছি। খারাপ খেললে তো আর পরিচিতি বাড়বে না। ভালো করার মাধ্যমে নিজেকে সবার কাছে চেনাতে চাই।”