Published : 23 Jun 2019, 11:16 PM
বিশ্বকাপের আগে আচমকা অধিনায়ক বদল থেকেই আফগানিস্তানের উল্টো পথে হাঁটা শুরু। সফল অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে নেতৃত্বে আনা হয় গুলবাদিনকে। বিশ্বকাপের ঠিক আগে এমন পরিবর্তনে প্রকাশ্যেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন দলের সবচেয়ে বড় দুই তারকা রশিদ খান ও মোহাম্মদ নবি।
বিশ্বকাপে এখনও পর্যন্ত আফগানদের যা পারফরম্যান্স, তাতে সেই ঝড় সামাল দেওয়ার প্রমাণ নেই। কয়েকদিন আগে কোচ ফিল সিমন্স টুইট করে হুমকি দিয়েছেন, আড়ালের অনেক কিছু তিনি বিশ্বকাপ শেষে প্রকাশ করে দেবেন। দলে যে সবকিছু ঠিক চলছে না, কোচের টুইটেও সেটি ফুটে ওঠে।
তবে সব পেছনে ফেলে গত ম্যাচে ভারতের বিপক্ষে তারা দারুণ লড়েছে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের তারা প্রায় হারিয়েই দিয়েছিল। সেই অনুপ্রেরণা থেকেই সোমবার বাংলাদেশকে হারানোর স্বপ্ন দেখছেন গুলবাদিন।
“সবকিছুই নির্ভর করে নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের ওপর। ভারতের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, তাতে বলতে পারি, আমার দল, আফগানিস্তান দল, মোটেও সহজ প্রতিপক্ষ নয়।”
“প্রথম চার ম্যাচ আমরা খুব বাজে খেলেছি। গত দুই ম্যাচে সবাই দেখেছে উন্নতি। প্রতি দিন আমরা উন্নতি করছি। দলের জন্য যেটা দারুণ ইঙ্গিত। আশা করি আগামীকাল হয়তো হবে আমাদের সেরা দিন।”