২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৯ ছক্কায় ৭৯ হেটমায়ার, ওভারে ৫ ছক্কা স্টয়নিসের

প্রথম ১০ ওভারে ৭৯ রান তোলা দল পরের ১০ ওভারে করে ফেলল ১৪৮ রান!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 01:55 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

১০ ওভার শেষে দলের রান ৭৯। ২০ ওভার শেষে সেই দল কত করতে পারে? অনেক সমীকরণই ভাসতে পারে মাথায়। কিন্তু শিমরন হেটমায়ার ও মার্কাস স্টয়নিস এমন তাণ্ডব চালালেন, ভাবনার সীমানাও যেন ছাড়িয়ে গেল তা। পরের ১০ ওভারে এলো ১৪৮ রান!

মেজর লিগ ক্রিকেটে বাংলাদেশ সময় শুক্রবার সকালে এই বিধ্বংসী ব্যাটিং উপহার দেন শিমরন হেটমায়ার ও মার্কাস স্টয়নিস। ওয়াশিংট ফ্রিডমের বিপক্ষে ২০ ওভারে ২২৭ রান তুলে ৮৮ রানের জয় পায় সিয়াটল ওর্কাজ।

ওকল্যান্ডে টস হেরে ব্যাটিংয়ে নামা সিয়াটলের দুই ওপেনারের ব্যাটিং ছিল দুই রকমের। চার ছক্কায় ২০ বলে ৩৭ রান করেন টিম সাইফার্ট। তার সঙ্গী শায়ান জাহাঙ্গির ২২ রান করতে বল খেলেন ২৩টি। 

পরের জুটিতেই শুরু হয় ম্যাচের চিত্র বদলে যাওয়ার। হেটমায়ার ও ম্যাথু ব্রিটস্কির জুটিতে ৪০ বলে রান আসে ৭৫।

ব্রিটস্কি আউট হন ২৩ বলে ৩২ রান করে। হেটমায়ার ছুটতে থাকেন ঝড়ের বেড়ে। একের পর এক ছক্কা আসতে থাকে তার ব্যাটে। 

তার পরও অবশ্য একটা সময় মনে হচ্ছিল, দুইশ নাও হতে পারে সিয়াটলের স্কোর। ১৬ ওভার শেষে রান ছিল তাদের ১৫০।

এর পরই স্টয়নিসের টর্নেডো। ইয়ান হল্যান্ডের এক ওভারেই ছক্কা মারেন তিনি পাঁচটি!

এই পেসারের ওভারের প্রথম বলে সামনে পা বাড়িয়ে অনায়াসেই উড়িয়ে দেন তিনি লং অফের ওপর দিয়ে, পরের বলে সোজা ব্যাটে ছক্কা মারেন লং অন দিয়ে। তৃতীয় ছক্কাটিও ছিল একইরকম। এবার সামনে পা বাড়িয়ে উড়িয়ে দেন তিনি বোলারের মাথার ওপর দিয়ে। 

চতুর্থ বলে লেংথ একটু টেনে দেন হল্যান্ড। তবে লাভ হয়নি। অফ স্টাম্পের বাইরের সেই বল ওয়াইড লং অনের ওপর দিয়ে গ্যালারিতে পাঠিয়ে দেন স্টয়নিস। 

ছয় ছক্কার সম্ভাব্য রোমাঞ্চ শেষ হয়ে যায় পরের বলে। স্লোয়ার শর্ট বলে পুল করার চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেন স্টয়নিস। বল লাগে তার শরীরে।

পরের বলে আবার ছক্কা। এবারও স্লোয়ার শর্ট বল করেন হল্যান্ড। কিন্তু বল ছিল অফ স্টাম্পের বাইরে। লং অন দিয়ে সাইট স্ক্রিনে আছড়ে ফেলেন স্টয়নিস। 

পরের ওভারে মার্কো ইয়ানসেনের বলে একটি ছক্কা মেরে আউট হয়ে যান তিনি ১৬ বলে ৪২ রান করে।

হেটমায়ারের তাণ্ডব শেষ হয়নি তখনও। শেষ ওভারেও টানা তিনটি ছক্কা মেরে অপরাজিত থাকেন তিনি ৯ ছক্কায় ৩৩ বলে ৭৯ রান করে।

শেষ ৪ ওভারে ৭৭ রান তোলে সিয়াটল।

রান তাড়ায় ওয়াশিংটন ফ্রিডমের শক্তিশালী ব্যাটিং লাইন আপ সেভাবে লড়াই করতেই পারেনি। অধিনায়ক স্টিভেন স্মিথ (১) আউট হন দ্বিতীয় ওভারেই। প্রথম ম্যাচে ৬৮ বলে ১৫৫ রানের ইনিংস খেলা মিচেল ওয়েন থেমে যান ৫ রানে।

ভালো করতে পারেননি আন্দ্রিয়েস হাউস (১১ বলে ১৮), মার্ক চ্যাপম্যানও (১০ বলে ৭)। গ্লেন ম্যাক্সওয়েল আউট হন প্রথম বলেই। 

দশ নম্বরে নেমে লঙ্কান স্পিনার আমিলা আপোন্সো করেন ১৩ বলে ৩১ রান। ওয়াশিংটনের ইনিংস শেষ হয় ১৩৯ রানে।

সিয়াটলের জাসদিপ সিং ৩৩ রানে শিকার করেন ৫ উইকেট। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ পেসার টি-টোয়েন্টিতে ৫ উইকেটের স্বাদ পেলেন প্রথমবার।